১৯ মে ২০২৬, ১৬:৫৭

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. শাহরিয়ার সাজ্জাদ

ইপিআই  © টিডিসি ছবি

সমন্বিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সাবেক উপ-পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদকে স্বাস্থ্য অধিদপ্তরের মাইক্রোব্যাক্টেরিয়াল রোগ নিয়ন্ত্রণ (এমবিডিসি) বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৯ এপ্রিল ইপিআই থেকে সরিয়ে এই চিকিৎসককে ডিজি হেলথে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

গতকাল সোমবার (১৮ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নতুন পদে পদায়নের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ‍যুগ্মসচিব সনজিদা শরমিন সই করেছেন। এতে আগামী ২০ মের মধ্যে নতুন পদে যোগ দিতে বলা হয়েছে তাকে।

গত মার্চে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল প্রাথমিকভাবে ৩০টি উপজেলা, ১২ এপ্রিল চারটি সিটি কর্পোরেশন এবং ২০ এপ্রিল সারাদেশে জরুরি হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। এরই মধ্যে ৯ এপ্রিল ডা. শাহরিয়ার সাজ্জাদকে ইপিআই থেকে বদলি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্রের অভিযোগ, ইপিআই টিকাদান প্রসঙ্গে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সূত্র ধরেই তাকে বদলি করা হয়েছিল।