১৭ মে ২০২৬, ১৫:৫৫

স্বাস্থ্যের মতো ‘অনিরাপদ ক্যাডার’ আর নেই— ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ বাস্তবায়নের দাবি এনডিএফের

শাহবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়  © টিডিসি ছবি

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে ডা. মো. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটি মানববন্ধন থেকে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে। নেতৃবৃন্দ বলছেন,  স্বাস্থ্য ছাড়া আর কোনো ক্যাডারের কর্মকর্তারা এভাবে আক্রান্ত হয় না। কিন্তু চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ওপর ক্রমাগত হামলা হলেও এর স্থায়ী কোনো প্রতিকার মিলছে না।

আজ রবিবার (১৭ মে) বেলা ১২টার দিকে রাজধানীর শাহবাগে এই মানববন্ধন আয়োজিত হয়। এতে এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সহ-সভাপতি অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার উপস্থিত ছিলেন।

মানববন্ধনে চিকিৎসকরা বলেন, চিকিৎসকদের উপর হামলার কোনো বিচার হয় না। হামলার পর কিছু প্রতিবাদ এবং এর জেরে আসামীকে গ্রেপ্তার করা হলেও স্থায়ী কোনো প্রতিকার মিলছে না। ফলে চিকিৎসকরা কর্মক্ষেত্রে নিরাপদ নয়, বরং আতঙ্কে থাকেন।

তারা বলেন, যারা মানুষের সেবা দেন, তারা নিরাপদ না থাকলে স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে। চিকিৎসকরা কখনো সজ্ঞানে ভুল চিকিৎসা দেন না। তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেন। এই চিকিৎসকরা যাতে নির্বিঘ্নে সেবা দিতে পারে, সেজন্য রাষ্ট্রের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

মানববন্ধনে রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা অংশ নেন

চিকিৎসক নেতারা আরও বলেন, আমাদেরকে এখন থাকার কথা ছিল হাসপাতালে, আমরা এসেছি প্রতিবাদ জানাতে। এভাবে স্বাস্থ্যব্যবস্থা চলতে পারে না। চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, বাংলাদেশের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, স্বাস্থ্যকর্মীরা সবখানে অপদস্থ হচ্ছে। চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা লাঞ্ছিত হচ্ছে, এটি কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে জনবল অত্যন্ত অপ্রতুল। এর মধ্যে বাড়তি চাপ নিয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করেন। যে যেখানেই কাজ করুক, এই স্বাস্থ্যকর্মীদের যথাযথ সম্মান দিতে হবে।

তিনি বলেন, ডা. নাসির ইসলামের ওপর যে নৃশংসভাবে, পৈশাচিক কায়দায় ঝাপিয়ে পড়েছে, এটা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ‘অপরিণামদর্শী’ বক্তব্যের কারণে চিকিৎসকরা হেয় প্রতিপন্ন হচ্ছে বলেও অভিযোগ করেন ডা. বকাউল। বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে পশুর মতো চিকিৎসকদের ওপর হামলা করবে, আর এটি মেনে নেয়া যাবে না। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে স্বাস্থ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি, তা ব্যত্যয় হয়ে আর যদি স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা হয়, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মানববন্ধনে এনডিএফের সিনিয়র সহ-সভাপতি ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সহ-সভাপতি ডা. মো. আতিয়ার রহমান, বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান ও এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ বক্তব্য দেন। এতে সংগঠনটির অফিস সম্পাদক ডা. একেএম জিয়াউল হক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।