যক্ষ্মা চিকিৎসায় এক কোটি ৭০ লাখ অ্যান্টি-টিবি ওষুধ কিনবে সরকার
যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার অ্যান্টি-টিবি ড্রাগস ২ এফডিসি ট্যাবলেট কেনার উদ্যোগ নিয়েছে সরকার। রেনেটা পিএলসি থেকে এসব ওষুধ কিনতে ব্যয় হবে ৭৪ কোটি ৩৫ লাখ ১১ হাজার টাকা। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ই-জিপি পদ্ধতিতে ১০ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ওষুধ কেনার জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। তবে টেন্ডারে একটিমাত্র দরপত্র জমা পড়ে।
টেন্ডার মূল্যায়ন কমিটি (টিইসি) দরপত্রটিকে রেসপন্সিভ হিসেবে বিবেচনা করে। পরে দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ ও নেগোসিয়েশনের মাধ্যমে একমাত্র দরদাতা প্রতিষ্ঠান রেনেটা পিএলসি থেকে এসব ট্যাবলেট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ট্যাবলেটের একক মূল্য ধরা হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে ওষুধগুলো কেনা হবে।