হামে আরও ৯ শিশুর মৃত্যু, টিকা পেয়েছে ১ কোটি ৮০ লাখ
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় উচ্চ সংক্রামক ব্যাধি হামে আক্রান্ত হয়ে সারাদেশে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। মৃতদের ৩ জনের রক্তপরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে এক হাজার ১৯২ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের এক হাজার ১০৫ জন সন্দেহজনক। আর ৮৭ জনের শরীরে রক্তপরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন: হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৫১ হাজার ৫৬৭ জন সন্দেহজনক ও ৭ হাজার ২৪ জন নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে। একই সময়ে ৩৫৬ জন সন্দেহজনক ও ৬৮ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি ৩৬ হাজার ৮৮১ জন সন্দেহজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ এপ্রিল থেকে সারাদেশে মোট ১ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৫১৬ শিশু হামের টিকা পেয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় টিকা নিয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ২৬৬ জন।