হোস্টেল সংকট সমাধানের ‘আশ্বাস’, চারদিন পর ডিউটিতে ফিরছেন সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্নরা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) হাসপাতালের ইন্টার্ন হোস্টেল সংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। গত ৩ মে কর্মবিরতিতে যাওয়ার পর আজ বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে ইন্টার্ন ডক্টরস কমিটি। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৮ মে) তারা কাজে ফিরবেন।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের জন্য মাল্টিপারপাস হলটি নির্মাণের পর ২০২৪ সালের আগস্টে সেখানে অস্থায়ী আর্মি ক্যাম্প স্থাপন করা হয়। এতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের আবাসন অনিশ্চিত হয়ে পড়লে তাদের কলেজের হোস্টেলে আবাসনের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী মেডিকেলের হল ‘দখলে’, আবাসনের দাবিতে এবার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
ফলে প্রথম বর্ষের কলেজ শিক্ষার্থীদের যেতে হয় গণরুমে। এ নিয়ে দীর্ঘদিন ধরে অস্থির ছিল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস। এ নিয়ে কলেজ শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। এরই মধ্যে হোস্টেল সমস্যা সমাধানে গত ১ মে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন ইন্টার্ন চিকিৎসকরা। কোনো সাড়া না পেয়ে ৩ মে কর্মবিরতি শুরু করেন তারা।
আরও পড়ুন: ২ বছর ধরে ‘দখল’ সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন হল, গণরুমে শোচনীয় হাল শিক্ষার্থীদের
বৃহস্পতিবার ইন্টার্ন ডক্টরস কমিটির বিবৃতিতে বলা হয়, ইন্টার্ন চিকিৎসকদের আবাসন সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার প্রেক্ষিতে উত্থাপিত দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক অবস্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে গৃহীত কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ দিবস-২০২৬ উপলক্ষে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে ৭ মে ইন্টার্নদের ছুটি মঞ্জুর করা হয়েছে। ছুটি শেষে ৮ মে সকল ইন্টার্ন যথারীতি দায়িত্বে যোগদান করবে।
এতে আরও বলা হয়, ইন্টার্ন চিকিৎসকদের আবাসন সংক্রান্ত দাবিসমূহের কার্যকর ও সময়োপযোগী বাস্তবায়ন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ইন্টার্ন ডক্টরস কমিটি পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকবে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত একটি টেকসই ও সন্তোষজনক সমাধান নিশ্চিত করবেন।