০৬ মে ২০২৬, ১৮:৩৭

এনডিএফের বর্ধিত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

এনডিএফের বর্ধিত নির্বাহী কমিটির সভা  © সংগৃহীত

জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) বর্ধিত কার্যনির্বাহী কমিটির (ইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে এই সভা সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।

এনডিএফের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেনের সঞ্চালনায় সভায় সারাদেশের মহানগর, জেলা ও মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান ও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চিকিৎসকদের পেশাগত অধিকার সংরক্ষণ, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন এবং জনস্বাস্থ্য ইস্যুতে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয় সভায়। এ সময় সংগঠনের সম্প্রসারণ ও নতুন নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।