হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট হাম আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯৯ জন শিশু।
আজ বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সন্দেজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৮ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ হাজার ১৩৩ জন সন্দেহজনক ও ১ হাজার ৫৯৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৭ হাজার ৫৭৭ জন হাম সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫ হাজার ২৪১ জনকে ছাড় দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি ২১ জন নিশ্চিত ও ১৩৮ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।