০৫ মার্চ ২০২৬, ২১:০৯

বিএমইউতে ইউরোলজি দিবস উদযাপিত

বিএমইউতে ইউরোলজি দিবস উদযাপিত  © সংগৃহীত

‘আধুনিক ইউরোলজি সেবা-সবার জন্য প্রাপ্যতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পালিত হয়েছে ইউরোলজি দিবস-২০২৬। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালি ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিএমইউর ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এ কর্মসূচি উদ্বোধন করেন।

বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহা. সাইদুল ইসলাম, অধ্যাপক ডা. তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এএসএম শফিউল আজম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, ডা. মোহাম্মদ জাফর ইকবাল ও ডা. শ্রাবন্তী ধর প্রমুখ।

অনুষ্ঠানে চিকিৎসকরা মূত্রতন্ত্র ও পুরুষদের প্রজননতন্ত্র সম্পর্কিত বিভিন্ন রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষজ্ঞরা জানান, ইউরোলজি চিকিৎসাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে মানুষের মূত্রতন্ত্র— কিডনি, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালী এবং পুরুষের প্রজননতন্ত্রের বিভিন্ন রোগের নির্ণয় ও চিকিৎসা করা হয়।

চিকিৎসকদের মতে, সাধারণ ইউরোলজিক্যাল রোগের লক্ষণের মধ্যে রয়েছে প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবে রক্ত দেখা যাওয়া, কোমর বা পেটের পাশে তীব্র ব্যথা, অণ্ডকোষে ব্যথা বা ফোলা, পুরুষের উত্থানজনিত সমস্যা ও যৌন দুর্বলতা ইত্যাদি।

ইউরোলজি বিভাগের আওতায় প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, প্রোস্টেট ক্যান্সার, কিডনি ও মূত্রনালির পাথর, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া, কিডনি, মূত্রথলি ও মূত্রনালির ক্যান্সার, পুরুষের বন্ধ্যাত্ব ও ভারিকোসেলসহ নানা জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রোস্টেট গ্রন্থির অপারেশন, মূত্রথলির টিউমার অপারেশন, কিডনির পাথর অপসারণ, লেজার চিকিৎসা, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জারি এবং কিডনি প্রতিস্থাপনের মতো আধুনিক চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে।

বিশেষজ্ঞরা সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, ধূমপান পরিহার করা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দেন। তারা বলেন, ইউরোলজিক্যাল রোগের অনেকগুলোই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সহজেই চিকিৎসা করা সম্ভব। তাই কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ ইউরোলজিস্টের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি।