২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯

স্বাস্থ্যের সকল প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করতে চিঠি

স্বাস্থ্য অধিদপ্তর  © সংগৃহীত

দেশের সকল স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিতি নিশ্চিতে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব) ডা. কামরুল হাসান এই চিঠি প্রেরণ করেছেন। সারাদেশের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনসহ প্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। এমতাবস্থায়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন দেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে প্রস্থান করার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক স্মারকে সকল প্রতিষ্ঠানে সময় অনুযায়ী উপস্থিতি নিশ্চিতের আদেশ দেওয়া হয়।
 
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছিলেন নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় গড়াই তার প্রধান অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি।

ওই দিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না। তিনি জানান, সাতদিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন। এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।