২৯ নভেম্বর ২০২৬, ১৩:২২

প্রতিদিন সকালে ডিম খাচ্ছেন, বড় বিপদ ডেকে আনছেন না তো 

প্রতীকী ছবি  © সংগৃহীত

স্বাস্থ্যকর খাবার হিসেবে ডিমের বহুল ব্যবহার প্রচলিত। ওজন বাড়াতে সকালে ডিম খান অনেকেই। তবে সকালে ডিম খাওয়ার বেলায় সতর্কতা মেনে চলার নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। কেননা কিডনির সমস্যা ধরা পড়লেই অনেকের খাবারের তালিকা থেকে বাদ পড়ে ডিমের কুসুম। প্রচলিত ধারণা, কিডনির রোগীরা ডিমের সাদা অংশ খেতে পারবেন, তবে কুসুম এড়িয়ে চলতে হবে। কিন্তু চিকিৎসকদের মতে, সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বরং কুসুম পুরোপুরি বাদ দিলে শরীর প্রয়োজনীয় অনেক পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে।

কিডনি বিষয়ক চিকিৎসক বিবেক গোয়েলের মতে, ডিমের কুসুমকে কিডনি রোগীদের জন্য পুরোপুরি ক্ষতিকর মনে করার ধারণা ঠিক নয়। তাঁর ভাষ্য, ডিমের সাদা অংশে মূলত প্রোটিন থাকে। অন্যদিকে, কুসুমে রয়েছে ভিটামিন এ, ডি, ই, বি১২, ফোলেট, কোলিন, লুটিন ও জিয়াজ্যানথিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।

চিকিৎসক বলেন, ‘কোলিন মস্তিষ্কের জন্য ভীষণ জরুরি। লুটিন আর জিয়াজ্যানথিন চোখ ভালো রাখে। ভিটামিন ডি হাড়ের জন্য দরকার। শুধু সাদা অংশ খেলে এই পুষ্টিগুলির একটিও পাওয়া যায় না।’

তাহলে কিডনি রোগীরা কি নিশ্চিন্তে গোটা ডিম খেতে পারবেন? চিকিৎসকের মতে, বিষয়টি নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা ও কিডনির কার্যক্ষমতার ওপর।

অনেকের ধারণা, ডিমের কুসুমে কোলেস্টেরল থাকায় এটি বেশি খেলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। তবে চিকিৎসক বিবেক গোয়েল বলছেন, শুধু কুসুম খাওয়ার কারণে কোলেস্টেরল বেড়ে হৃদ্‌রোগ হবে—এমন ধারণা এখন আর বিজ্ঞান সমর্থন করে না।

কিডনি রোগীদের ক্ষেত্রে কুসুম খাওয়ার সময় মূলত ফসফরাসের পরিমাণ বিবেচনায় রাখতে হয়। কারণ, কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে ফসফরাস বের হতে সমস্যা হয়। ডিমের কুসুমে ফসফরাসের পরিমাণ তুলনামূলক বেশি থাকায় রোগীদের এটি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। তবে এ কারণে কুসুম পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন চিকিৎসক।

কিডনি রোগীরা দিনে কতটি ডিম খেতে পারবেন, সে বিষয়ে চিকিৎসক জানান, বেশিরভাগ রোগী দিনে একটি গোটা ডিম খেতে পারেন। আর যাঁদের শরীরে প্রোটিনের চাহিদা বেশি, বিশেষ করে ডায়ালিসিস চলছে এমন রোগীরা, তাঁরা এক থেকে দুটি গোটা ডিমের পাশাপাশি আরও কয়েকটি ডিমের সাদা অংশ খেতে পারেন।

তবে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। রোগীর শরীরে ফসফরাসের মাত্রা, কিডনি রোগের পর্যায় এবং প্রোটিনের চাহিদার ওপর নির্ভর করে ডিম খাওয়ার পরিমাণ নির্ধারণ করতে হবে।

অর্থাৎ, কিডনির রোগী হলেই ডিমের কুসুম খাওয়া নিষেধ—এ ধারণা ঠিক নয়। কুসুম বাদ দিলে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হতে পারে। তাই ডিমের কুসুম খাবেন কি না এবং কতটুকু খাবেন, তা নিজের শারীরিক অবস্থা ও পরীক্ষার প্রতিবেদন বিবেচনায় চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ঠিক করা উচিত।