২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯

শীতের রাতে পা ঠান্ডায় বরফ হয়ে যায়, করণীয় কী

শীতে পা ঠান্ডা হয়ে যাওয়া   © সংগৃহীত

শীতের রাতে লেপ-কম্বলের ভেতরেও অনেকের পা ঠান্ডায় বরফ হয়ে যায়। মোজা পরেও সহজে উষ্ণ হতে চায় না পায়ের পাতা। ঠান্ডা আবহাওয়ায় এমন হওয়া শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে। তবে দীর্ঘসময় পা ঠান্ডা থাকা বা এর সঙ্গে অন্য উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

স্বাভাবিকভাবে শরীরের মূল অংশের তাপমাত্রা ঠিক রাখতে ঠান্ডার সময় রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এতে হাত ও পায়ের দিকে রক্তপ্রবাহ কিছুটা কমে এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো উষ্ণ থাকে। এ কারণেই শীতের সময় হাত-পা তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হয়।

তবে শুধু ঠান্ডা আবহাওয়াই পা ঠান্ডা হওয়ার কারণ নয়। রক্তস্বল্পতা, ডায়াবেটিস, থাইরয়েডের কার্যকারিতা কমে যাওয়া, ধমনির রোগ, ভিটামিন বি-১২-এর ঘাটতি কিংবা ধূমপানের কারণেও দীর্ঘসময় পা ঠান্ডা থাকতে পারে। পা উষ্ণ রাখতে যা করবেনঃ

উষ্ণ মোজা ও পোশাক পরুন
শীতের রাতে ঘুমানোর সময় উষ্ণ মোজা পরলে পায়ের তাপমাত্রা ধরে রাখা সহজ হয়। পাশাপাশি শরীর গরম রাখতে একাধিক স্তরে পোশাক পরতে পারেন। তবে অতিরিক্ত আঁটসাঁট মোজা পরা উচিত নয়। এতে পায়ের রক্ত চলাচলে সমস্যা হতে পারে।

হিটিং প্যাড ব্যবহার করুন
রাতে বিশ্রামের সময় পায়ের পাতায় বা কোমরের নিচের অংশে হিটিং প্যাড ব্যবহার করতে পারেন। এতে শরীরের ওই অংশ উষ্ণ থাকে এবং রক্তনালি প্রসারিত হয়ে রক্তপ্রবাহ বাড়তে পারে। তবে হিটিং প্যাড ব্যবহারের সময় তাপমাত্রা কম রাখুন। ঘুমানোর সময় এটি চালু রাখা উচিত নয়। বিশেষ করে পায়ে অনুভূতি কম থাকলে পোড়ার ঝুঁকি এড়াতে সতর্ক থাকতে হবে।

হালকা ব্যায়াম ও মালিশ করুন
পায়ের রক্ত সঞ্চালন বাড়াতে বিছানায় শুয়ে বা বসে পায়ের আঙুল নাড়াতে পারেন। পাশাপাশি গোড়ালি ঘোরানো এবং হাত দিয়ে পায়ের পাতা মালিশ করলেও উপকার পাওয়া যেতে পারে। প্রতিদিন নিয়মিত হাঁটা ও হালকা ব্যায়াম করার অভ্যাসও পায়ের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
শীতের সময় পা ঠান্ডা হওয়া স্বাভাবিক হলেও সব সময় এমন থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে পায়ের আঙুলের রং পরিবর্তন হওয়া, অবশ ভাব, ঝিনঝিন করা কিংবা ব্যথার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এ ছাড়া পায়ের একটি অংশ হঠাৎ অন্য অংশের তুলনায় বেশি ঠান্ডা হয়ে গেলে, তীব্র ব্যথা বা রং পরিবর্তন হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

সবশেষে, শীতের রাতে পা উষ্ণ রাখতে শুধু মোজা পরাই যথেষ্ট নয়। নিয়মিত হাঁটাচলা, হালকা ব্যায়াম, আরামদায়ক পোশাক এবং শরীরের প্রতি যত্নশীল হওয়া জরুরি। তবে দীর্ঘদিন পা ঠান্ডা থাকার সমস্যা হলে এর প্রকৃত কারণ জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।