শীতের সকালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, ঘুম থেকে উঠেই যেসব কাজ করবেন না
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে হার্ট অ্যাটাকসহ নানা হৃদ্রোগের ঝুঁকি। বিশেষ করে শীতের ভোর ও সকালে এ ঝুঁকি বেশি থাকে। এ সময় ঘুম থেকে উঠেই হঠাৎ বিছানা ছেড়ে দাঁড়ানো, ঠান্ডায় বাইরে বের হওয়া কিংবা তাড়াহুড়া করে হাঁটাচলা করা হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। ঠান্ডা আবহাওয়া রক্তচাপ ও হৃদ্স্পন্দন বাড়ানোর পাশাপাশি রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়ায়। তাই শীতকালে বিশেষ করে হৃদ্রোগীদের সকালে ঘুম থেকে ওঠার পর বাড়তি সতর্কতা প্রয়োজন। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য হিন্দুস্তান টাইমস।
হৃদ্রোগ বিশেষজ্ঞদের মতে, ঠান্ডা তাপমাত্রার কারণে রক্তনালি সংকুচিত হয়। এতে রক্তচাপ বেড়ে যায় এবং হৃদ্যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়। একই সঙ্গে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়তে পারে। ফলে আগে থেকেই হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য শীতকাল বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
ভারতের গ্রেটার নয়ডার কৈলাশ হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট চিকিৎসক সুনীল কুমার মণ্ডল এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে শীতকালে হৃদ্যন্ত্রের ওপর ঠান্ডার প্রভাব, কারা বেশি ঝুঁকিতে থাকেন এবং হৃদ্যন্ত্র সুস্থ রাখতে কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন, তা ব্যাখ্যা করেছেন।
শীতের ঠান্ডা আবহাওয়া যেভাবে হৃদ্যন্ত্রের ওপর প্রভাব ফেলে
চিকিৎসক সুনীল কুমার মণ্ডল বলেন, ঠান্ডা পরিবেশে শরীরের বিভিন্ন প্রান্তের রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। শরীরের তাপমাত্রা ধরে রাখতে এবং তাপের অপচয় কমাতে শরীর স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়া চালু করে। তবে এর ফলে রক্তচাপ বেড়ে যায়।
তিনি আরও বলেন, ঠান্ডা আবহাওয়া শরীরের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম বা সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে। এতে হৃদ্যন্ত্রের কাজের চাপ বেড়ে যায় এবং হৃদ্স্পন্দনের গতিও দ্রুত হয়।
এ ছাড়া শীতের সময় রক্তের প্লেটলেটগুলো তুলনামূলক বেশি আঠালো হয়ে উঠতে পারে। ফলে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বাড়ে। বিশেষ করে যাঁদের হৃদ্যন্ত্রের রক্তনালিতে আগে থেকেই চর্বি বা কোলেস্টেরল জমে প্লাক তৈরি হয়েছে, তাঁদের জন্য এই পরিস্থিতি বেশি বিপজ্জনক।
চিকিৎসক মণ্ডল জানান, এ ধরনের পরিস্থিতিতে রক্তনালিতে জমে থাকা প্লাক ফেটে যেতে পারে অথবা রক্তনালিতে খিঁচুনি বা সংকোচন তৈরি হতে পারে। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
তাঁর মতে, ঠান্ডার কারণে শরীরে যেসব পরিবর্তন ঘটে, সেগুলো হৃদ্যন্ত্র ও রক্তনালির ওপর বাড়তি চাপ তৈরি করে। বিশেষ করে আগে থেকে হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই চাপ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
শীতের সকালে কেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে
শীতকালে ভোর ও সকালের সময় হৃদ্রোগীদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। এর পেছনে শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ বা বায়োলজিক্যাল রিদমের ভূমিকা রয়েছে।
চিকিৎসক মণ্ডল বলেন, মানুষের শরীরের বিভিন্ন কার্যক্রম নির্দিষ্ট ছন্দ মেনে চলে। ঘুম থেকে জেগে ওঠার পরপরই রক্তচাপ, হৃদ্স্পন্দন এবং কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত বেড়ে যায়। একই সময়ে রক্ত জমাট বাঁধার প্রবণতাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।
এই পরিবর্তনের কারণে ভোর ও সকালের দিকে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃদ্স্পন্দনের অনিয়ম বেশি দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, এ সময় শরীরের ওপর বাড়তি চাপ তৈরি হলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। শীতের সকালে ঠান্ডার মধ্যে হঠাৎ বাইরে যাওয়া, দ্রুত বাথরুমে যাওয়া কিংবা তাড়াহুড়া করে হাঁটাচলা করা হৃদ্যন্ত্রের ওপর চাপ আরও বাড়িয়ে দিতে পারে।
অর্থাৎ ঘুম থেকে ওঠার পর শরীর যখন স্বাভাবিকভাবে রক্তচাপ ও হৃদ্স্পন্দনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন শীতের ঠান্ডা সেই চাপ আরও বাড়িয়ে দিতে পারে। এ কারণে হৃদ্রোগীদের সকালে বিশেষ সতর্ক থাকা জরুরি।
শীতকালে যাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি
চিকিৎসক সুনীল কুমার মণ্ডল জানিয়েছেন, শীতের সময় কিছু মানুষের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। বিশেষ করে যাঁদের আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের বাড়তি সতর্কতা প্রয়োজন।
ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
১। বয়স্ক ব্যক্তি।
২। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্ত ব্যক্তি।
৩। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি।
৪। আগে যাঁদের হার্ট অ্যাটাক হয়েছে।
৫। যাঁদের হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট বসানো হয়েছে।
৬।যাঁদের বাইপাস সার্জারি হয়েছে।
৭। কনজেস্টিভ হার্ট ফেইলিউর বা হৃদ্যন্ত্রের অকার্যকারিতায় আক্রান্ত ব্যক্তি।
৮।যাঁদের কিডনির কার্যক্ষমতা কমে গেছে।
৯। নিয়মিত ধূমপান করেন এমন ব্যক্তি।
চিকিৎসকের মতে, এসব মানুষের শীতকালে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং প্রয়োজনীয় ওষুধ নিয়মিত সেবন করা জরুরি।
শীতকালে হৃদ্যন্ত্র সুস্থ রাখতে যেসব সতর্কতা মানবেন
শীতের সময় হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ কমাতে কয়েকটি সাধারণ অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক সুনীল কুমার মণ্ডল। তাঁর মতে, দৈনন্দিন জীবনে কিছু বিষয়ে সতর্ক থাকলে হৃদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য পাওয়া যায়।
ঘুম থেকে উঠেই হঠাৎ দাঁড়াবেন না: সকালে ঘুম থেকে উঠে দ্রুত বিছানা ছাড়বেন না। প্রথমে কিছুক্ষণ বিছানায় বসে থাকুন। এরপর ধীরে ধীরে দাঁড়ান। এতে শরীরকে অবস্থান পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হয়।
ঘরের ভেতর উষ্ণ পরিবেশ বজায় রাখুন: শীতকালে শোবার ঘর ও বাথরুমের তাপমাত্রা আরামদায়ক রাখার চেষ্টা করুন। বিশেষ করে সকালে ঠান্ডা বাথরুমে যাওয়ার সময় সতর্ক থাকুন। বাইরে বের হলে একাধিক স্তরের গরম কাপড় পরুন। মাথা, ঘাড় ও হাত ভালোভাবে ঢেকে রাখুন, যাতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে।
সকালের ব্যায়ামের সময় পরিবর্তন করুন: শীতের সকালে সূর্য ওঠার আগে হাঁটতে বের হওয়া এড়িয়ে চলুন। সূর্য ওঠার পর আবহাওয়া কিছুটা উষ্ণ হলে হাঁটতে যেতে পারেন। ব্যায়াম শুরুর আগে শরীর ভালোভাবে গরম করে নিন বা ওয়ার্মআপ করুন। বাইরে বায়ুদূষণের মাত্রা বেশি থাকলে ঘরের ভেতর ব্যায়াম করার কথা বিবেচনা করুন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান: চিকিৎসকের দেওয়া ওষুধ নির্ধারিত নিয়মে সেবন করুন। পাশাপাশি বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপুন এবং এর ওঠানামার দিকে নজর রাখুন।
নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ করবেন না: কয়েক দিন রক্তচাপ স্বাভাবিক থাকলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বন্ধ করবেন না। নিয়মিত ওষুধ সেবন হৃদ্রোগ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হৃদ্যন্ত্রের জন্য উপকারী খাবার খান: খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। ভাজাপোড়া ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। স্বাস্থ্যকর খাবারের অভ্যাস হৃদ্যন্ত্র ভালো রাখতে সাহায্য করে।
হার্ট অ্যাটাকের জরুরি লক্ষণ, যেগুলো অবহেলা করবেন না
হার্ট অ্যাটাকের লক্ষণ দ্রুত চিনতে পারা এবং সময়মতো চিকিৎসা নেওয়া জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হৃদ্রোগের জরুরি লক্ষণগুলো সম্পর্কে সবার ধারণা থাকা প্রয়োজন।
চিকিৎসক সুনীল কুমার মণ্ডল কয়েকটি লক্ষণের কথা উল্লেখ করেছেন, যেগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। লক্ষণগুলো হলো—
১। বুকে ব্যথা অনুভব করা।
২।বুকে চাপ বা ভারী ভাব তৈরি হওয়া।
৩। ব্যথা বুক থেকে হাত, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়া।
৪। অস্বাভাবিকভাবে শ্বাসকষ্ট হওয়া।
৫। অতিরিক্ত ঘাম হওয়া।
৬। বমি বমি ভাব বা বমি হওয়া।
৭। হঠাৎ মাথা ঘুরে যাওয়া।
চিকিৎসক মণ্ডল সতর্ক করে বলেন, এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে সেরে যাওয়ার অপেক্ষা করা যাবে না। দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিতে হবে এবং হৃদ্রোগের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা রয়েছে এমন নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
তিনি আরও বলেন, হার্ট অ্যাটাকের চিকিৎসা নিতে যত দেরি হবে, হৃদ্যন্ত্রের পেশির তত বেশি ক্ষতি হবে। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। তাই লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসা নিতে এক মুহূর্তও দেরি করা উচিত নয়।
হৃদ্রোগ বিশেষজ্ঞের মতে, শীতকালে হৃদ্যন্ত্রের সুরক্ষায় সচেতনতা ও সতর্কতা খুবই জরুরি। বিশেষ করে আগে থেকে হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলা, নিয়মিত ওষুধ সেবন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শীতের সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করা যাবে না। হঠাৎ বিছানা ছেড়ে দাঁড়ানো, ঠান্ডায় দ্রুত বাইরে বের হওয়া কিংবা শরীর প্রস্তুত না করেই ব্যায়াম শুরু করা এড়িয়ে চলতে হবে। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। সময়মতো চিকিৎসা এবং সচেতন জীবনযাপন শীতকালে হৃদ্রোগের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্রঃ দ্য হিন্দুস্থান টাইমস