২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৫

বৃষ্টিতে ভিজলেই গলাব্যথা-কাশি, জ্বর-জ্বর ভাব কমাতে কী খাবেন?

বৃষ্টিতে ভিজলেই সর্দি-কাশি   © সংগৃহীত

বৃষ্টি নামতেই আবহাওয়ায় শীতের আমেজ। তবে স্বস্তির বদলে অনেকের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে সর্দি-কাশি, গলাব্যথা ও জ্বর-জ্বর ভাব। এর সঙ্গে যোগ হচ্ছে শরীর ও হাত-পায়ে ব্যথা, মাথাব্যথা এবং ক্লান্তি। ফলে স্বাভাবিক কাজকর্ম করাও কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে শরীরের অস্বস্তি কমাতে গরম পানীয় ও কিছু ভেষজ উপাদান খেতে পারেন। বিশেষ করে আদা, তুলসি, গোলমরিচ ও হলুদ দিয়ে তৈরি কাড়া পানীয় গলাব্যথা ও সর্দি-কাশির অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে।

সর্দি-কাশিতে কাড়া কেন উপকারী

মশলা ও বিভিন্ন ভেষজ উপাদান পানিতে ফুটিয়ে তৈরি করা হয় কাড়া। এতে থাকা আদা, তুলসি, গোলমরিচ, হলুদ ও দারুচিনির মতো উপাদান শরীরের প্রদাহ কমাতে এবং গলাব্যথার অস্বস্তি দূর করতে সহায়তা করতে পারে। শীতের আবহাওয়ায় গরম কাড়া পান করলে শরীরেও আরাম পাওয়া যায়।

কাড়া পান করার কয়েকটি সম্ভাব্য উপকারিতা হলো—
১. আদা ও তুলসি দিয়ে তৈরি কাড়া শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে।
২. ঠান্ডা আবহাওয়ায় গরম কাড়া পান করলে শরীর উষ্ণ থাকে।
৩.  আদা ও গোলমরিচ হজমে সহায়তা করতে পারে।
৪. হলুদ ও দারুচিনিতে থাকা উপাদান প্রদাহ কমাতে ভূমিকা রাখে।
৫. কাড়ায় থাকা বিভিন্ন উপাদানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
৬. কাড়ায় ব্যবহৃত কিছু ভেষজ উপাদান মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।
তবে কাড়া সর্দি-কাশি বা ভাইরাসজনিত জ্বরের চিকিৎসা নয়। এটি কেবল কিছু উপসর্গে সাময়িক স্বস্তি দিতে পারে।

বাড়িতে যেভাবে তৈরি করবেন কাড়া

সর্দি-কাশি ও গলাব্যথার অস্বস্তি কমাতে ঘরেই সহজে তৈরি করতে পারেন কাড়া। এ জন্য প্রয়োজন হবে—
১। ১ গ্লাস পানি
২। ইঞ্চি পরিমাণ কুচি বা গ্রেট করা আদা
৩। ৬-৮টি তুলসি পাতা
৪। ৩-৪টি লবঙ্গ
৫। ৪-৫টি গোলমরিচ
৬। ১/৪ চা চামচ হলুদ গুঁড়া

৭।২টি থেঁতো করা এলাচ

৮। ১ টুকরো দারুচিনি
প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে ১ গ্লাস পানি নিন। এতে গ্রেট করা আদা, তুলসি পাতা, লবঙ্গ, গোলমরিচ, হলুদ গুঁড়া, থেঁতো করা এলাচ ও দারুচিনি দিয়ে দিন।

এরপর মাঝারি আঁচে মিশ্রণটি ফুটিয়ে নিন। পানি কমে প্রায় অর্ধেক হয়ে এলে চুলা বন্ধ করে দিন। কিছুক্ষণ রেখে ছেঁকে নিন। স্বাদ বাড়াতে সামান্য মধু মিশিয়ে পান করতে পারেন। তবে পানীয়টি অতিরিক্ত গরম অবস্থায় পান করবেন না।

গলাব্যথা ও কাশি কমাতে আরও যা করবেন

শুধু কাড়া পান করলেই সর্দি-কাশি বা গলাব্যথা থেকে মুক্তি মিলবে না। অস্বস্তি কমাতে আরও কিছু ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন।

1. লবণপানিতে গার্গল: গলাব্যথা ও গলার অস্বস্তি কমাতে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করতে পারেন।

2. গরম পানির ভাপ: নাক বন্ধ থাকা ও শ্বাস নিতে অস্বস্তি হলে গরম পানির ভাপ নিতে পারেন। তবে অতিরিক্ত গরম পানির কারণে যেন ত্বকে পোড়া না লাগে, সেদিকে খেয়াল রাখুন।

3. মধু খাওয়া: কাশি ও গলার অস্বস্তি কমাতে সামান্য মধু খেতে পারেন। তুলসি পাতার সঙ্গে মধু মিশিয়েও খাওয়া যায়। তবে এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া যাবে না।

4. আদা খাওয়া: আদা দিয়ে চা তৈরি করে পান করতে পারেন। শুকনো আদাও খেতে পারেন। আদা গলার অস্বস্তি কমাতে কিছুটা সহায়তা করতে পারে।

5. পর্যাপ্ত বিশ্রাম ও পানি পান: অসুস্থ অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নিন। পাশাপাশি পানি ও অন্যান্য তরল খাবার পান করুন। এতে শরীরে পানির ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা কমে।