শুধু খাওয়াদাওয়া নয়, ওজন কমাতে জোর দিবেন যে ৩ বিষয়ে
ওজন কমাতে গিয়ে অনেকেই প্রথমেই খাবারের পরিমাণ কমিয়ে দেন। ভাত-রুটি কমানো, স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া কিংবা ডায়েট মেনে চলার পরও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কারণ, ওজন নিয়ন্ত্রণে রাখতে শুধু খাওয়াদাওয়ার দিকে নজর দিলেই হবে না; আরও তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
হাইড্রেশন
খাবার খান কিন্তু পর্যাপ্ত পানি খান না। এখানেই ভুল করে ফেলেন। শরীরে তরলের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ। জলের ঘাটতিতে শরীরের একাধিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। তার মধ্যে হজম প্রক্রিয়াও রয়েছে। সুতরাং, শুধু খাওয়াদাওয়া ঠিক করলেই যে ওজন কমবে, তা নয়। একজন সুস্থ প্রাপ্তবয়স্কের দিনে তিন থেকে চার লিটার জল খাওয়া উচিত।
ঘুম
সারাদিন নিয়ম মেনে খাবার খাচ্ছেন কিন্তু রাতে ঠিকমতো ঘুমোচ্ছে না। এর জেরেও বাড়তে পারে ওজন। ঘুম হলো শরীরের একটি প্রাকৃতিক ওষুধ। এই স্বাভাবিক ক্রিয়ার মাধ্যমে শরীর নিজেকে পুনরুজ্জীবিত করে। যখনই ঘুম ঠিকমতো হয় না, তখনই বাড়ে মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা। এমনকী ঘুমের অভাবে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে এবং ওজন বাড়তে পারে। তাই ঘুমের সঙ্গে আপস করলে বড় মাশুল গুনতে হতে পারে।
সচল থাকা
এ ক্ষেত্রে জিমে গিয়ে কসরত করা যথেষ্ট নয়। আপনি দিনে একবার এক ঘণ্টা জিমে গিয়ে ঘাম ঝরালেন। অথচ বাকি গোটা দিন এক জায়গায় শুয়ে-বসে কাটিয়ে দিলেন। এটা করলে চলবে না। জিমে গিয়ে ব্যায়াম না করলেও চলে। কিন্তু সারাদিন ধরে সচল থাকা দরকার। ব্যায়াম বা শরীরচর্চা পাশাপাশি নিয়ম করে হাঁটাহাঁটি করুন। এক টানা এক জায়গায় বসে থাকার বদলে মাঝে মাঝে হাঁটাহাঁটি করুন। খাবার খেয়ে না শুয়ে ১০ মিনিট হেঁটে নিন। সারাদিন শরীরকে সচল রাখলে ওজনও বশেই থাকে।