০৬ আগস্ট ২০২৬, ১৩:০৩

বারবার শুকনো কাশি? হতে পারে পেটের এই নীরব রোগ

শুকনো কাশি   © টিডিসি ছবি

দীর্ঘদিন ধরে শুকনো কাশি, গলা খুসখুস করা বা গলায় সব সময় কফ জমে থাকার অনুভূতিকে অনেকেই সর্দি, অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সমস্যা মনে করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব উপসর্গের পেছনে লুকিয়ে থাকতে পারে পেটের একটি রোগ। ল্যারিঙ্গোফ্যারিঞ্জিয়াল রিফ্লাক্স ডিজঅর্ডার (এলপিআরডি) বা ‘সাইলেন্ট রিফ্লাক্স’ নামের এই সমস্যায় বুকজ্বালা ছাড়াই গলায় নানা ধরনের অস্বস্তি দেখা দিতে পারে।

সাধারণভাবে বদহজম বা অ্যাসিডিটির সঙ্গে বুকজ্বালার সম্পর্ক থাকলেও এলপিআরডির ক্ষেত্রে অনেক সময় বুকে কোনো জ্বালাভাব থাকে না। তাই এই রোগকে ‘সাইলেন্ট রিফ্লাক্স’ বলা হয়।

এই সমস্যায় পাকস্থলীর অ্যাসিড ওপরে উঠে গলার পেছনের অংশ ও স্বরযন্ত্রে পৌঁছে যায়। এমনকি অল্প পরিমাণ অ্যাসিডও গলায় প্রদাহ সৃষ্টি করতে পারে। ফলে বারবার গলা খুসখুস করা, শুকনো কাশি, গলায় কফ জমে থাকার অনুভূতি কিংবা গলা পরিষ্কার করার প্রবণতা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব: 

১.খাওয়ার সময় একসঙ্গে বেশি পানি পান না করে অল্প অল্প করে চুমুক দিয়ে পানি পান করুন।
২.দুই বেলার খাবারের মাঝখানে পর্যাপ্ত পানি পান করে শরীরের পানির ভারসাম্য বজায় রাখুন।
৩.খাওয়ার পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে এক গ্লাস পানি পান করুন।
৪.গ্যাসযুক্ত বা কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন। এগুলো রিফ্লাক্সের সমস্যা বাড়াতে পারে।
৫.খাওয়ার পর সুগার-ফ্রি চুইংগাম চিবোতে পারেন। এতে লালা নিঃসরণ বাড়ে এবং খাদ্যনালিতে উঠে আসা অ্যাসিড পরিষ্কার হতে সাহায্য করে।

রাতে ঘুমানোর সময় বাঁ দিকে কাত হয়ে শোয়ার অভ্যাস করুন। গবেষণায় দেখা গেছে, এতে রাতের বেলায় রিফ্লাক্সের প্রবণতা কমে।