বর্ষাকালে লবণ-চিনি শুকনো রাখার সহজ ও কার্যকর ৬ উপায়
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় রান্নাঘরের লবণ ও চিনি দ্রুত স্যাঁতসেঁতে হয়ে দলা পাকায়। তবে কয়েকটি সহজ ঘরোয়া কৌশল এবং সঠিক সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে দীর্ঘদিন লবণ ও চিনি শুকনো রাখা সম্ভব।
বর্ষায় কেন লবণ ও চিনি দলা পাকায়
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। লবণের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো, এটি খুব সহজেই বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে। ফলে অল্প সময়েই লবণ ভিজে গিয়ে জমাট বাঁধে। একই কারণে চিনিও ধীরে ধীরে দলা পাকাতে শুরু করে।
এ ছাড়া কৌটো বারবার খোলা হলে প্রতিবারই ভেজা বাতাস ভেতরে প্রবেশ করে। এতে লবণ ও চিনিতে আরও দ্রুত আর্দ্রতা জমে। আবার ঢাকনা ঠিকমতো বন্ধ না থাকলে বা কৌটো ভেজা জায়গায় রাখা হলেও সমস্যা বেড়ে যায়।
১. কৌটোর মধ্যে চালের দানা রাখুন
লবণ শুকনো রাখার সবচেয়ে পরিচিত ও কার্যকর ঘরোয়া উপায় হলো কৌটোর মধ্যে কয়েকটি চালের দানা রাখা।
চাল অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে লবণ দীর্ঘদিন শুকনো থাকে। ছোট লবণদানিতে সরাসরি কয়েকটি চাল রাখা যায়। আর বড় কৌটোর ক্ষেত্রে পরিষ্কার কাপড় বা কাগজে চাল বেঁধে রাখলে আরও ভালো ফল পাওয়া যায়।
২. কফি বিন ব্যবহার করতে পারেন
বাড়িতে কফি বিন থাকলে সেটিও কাজে লাগানো যেতে পারে। কফি বিন বাতাসের অতিরিক্ত আর্দ্রতা শোষণে সাহায্য করে। এতে লবণ বা চিনির স্বাদেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না।
৩. লবঙ্গ ও শুকনো রাজমা রাখুন
লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, আর্দ্রতা নিয়ন্ত্রণেও কিছুটা সহায়তা করে। তবে এর গন্ধ লবণের সঙ্গে মিশে যেতে পারে। তাই লবঙ্গ পরিষ্কার কাপড়ে বেঁধে কৌটোর ভেতরে রাখা ভালো। এ ছাড়া শুকনো রাজমার কয়েকটি দানাও অতিরিক্ত আর্দ্রতা শোষণে সাহায্য করে। বর্ষাকালে অনেকেই এই পদ্ধতি অনুসরণ করেন।
৪. সঠিক স্থানে সংরক্ষণ করুন
শুধু ঘরোয়া কৌশল ব্যবহার করলেই হবে না। লবণ ও চিনি কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। কৌটো সবসময় ঠান্ডা, শুকনো এবং বাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে। গ্যাসের চুলা, সিঙ্ক, জানালা বা যেখানে বেশি বাষ্প তৈরি হয়, সেসব জায়গার কাছাকাছি কৌটো রাখা উচিত নয়।
৫. এয়ারটাইট কৌটো ব্যবহার করুন
লবণ ও চিনি ভালো রাখতে উন্নত মানের এয়ারটাইট কৌটো ব্যবহার করা উচিত। প্রতিবার ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এতে বাইরের আর্দ্রতা ভেতরে প্রবেশ করতে পারবে না এবং উপকরণ দীর্ঘদিন শুকনো থাকবে।
৬. সবসময় শুকনো চামচ ব্যবহার করুন
অনেকেই ভেজা বা স্যাঁতসেঁতে চামচ দিয়ে লবণ কিংবা চিনি তোলেন। এতে কৌটোর ভেতরে সরাসরি আর্দ্রতা চলে যায়। ফলে খুব দ্রুত দলা পাকতে শুরু করে। তাই সবসময় শুকনো চামচ ব্যবহার করা উচিত। এতে লবণ ও চিনি দীর্ঘদিন শুকনো থাকবে এবং দলা পাকানোর সমস্যাও অনেকটাই কমে যাবে।