নুডলসের প্যাকেট হাতে নেওয়ার আগে খেয়াল রাখুন এসব বিষয়
ইনস্ট্যান্ট নুডলস শিশু থেকে বড় সব বয়সীদের কাছেই জনপ্রিয়। তবে এটি নিয়মিত খাওয়ার মতো স্বাস্থ্যকর খাবার নয়। অনেক সময় দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ইনস্ট্যান্ট নুডলস খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাই এ খাদ্যটি কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
নুডলস কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
অবশ্যই প্যাকেটের মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে কিনুন, প্যাকেট কোথাও ছেঁড়া, ফাটা বা ফুটো আছে কি না পরীক্ষা করুন। সন্দেহ হলে সেই পণ্য কিনবেন না, প্যাকেট খোলার পর নুডলস বা মশলা থেকে অস্বাভাবিক গন্ধ এলে কিংবা মশলা জমাট বাঁধা থাকলে তা ব্যবহার করবেন না।
কেন মেয়াদোত্তীর্ণ নুডলস ঝুঁকিপূর্ণ?
বিশেষজ্ঞদের মতে, ইনস্ট্যান্ট নুডলস তৈরিতে ব্যবহৃত পাম তেল বা ভেজিটেবল অয়েল দীর্ঘদিন সংরক্ষণের পর বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে। বিশেষ করে মেয়াদ শেষ হয়ে গেলে এই ঝুঁকি আরও বেড়ে যায়, যা পরিপাকতন্ত্রে প্রদাহ ও পেটের সমস্যার কারণ হতে পারে।
আরও পড়ুন : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৬৪৭ জনের বড় নিয়োগ
এ ছাড়া মশলার প্যাকেটে বাতাস ঢুকলে বা তাপমাত্রার পরিবর্তনে তা জমাট বাঁধতে পারে। এতে সালমোনেলা ও ই. কোলাই এর মতো ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে, যা খাদ্যজনিত সংক্রমণের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে, প্লাস্টিকের প্যাকেটে সামান্য ছিদ্র বা ফাটল থাকলেও বাইরের আর্দ্রতা ভেতরে ঢুকে খাবারের মান দ্রুত নষ্ট করে দিতে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, ইনস্ট্যান্ট নুডলস মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, তবে নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত নয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পণ্য কেনা ও ব্যবহারের আগে মেয়াদ ও প্যাকেটের অবস্থা ভালোভাবে যাচাই করা জরুরি। তবে, শিশুদের এ জাতীয় প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে হোমমেড পুষ্টিকর খাবার খাওয়ানোই সবথেকে ভালো।