১৬ জুন ২০২৬, ০৭:২৭

অতিরিক্ত কফি পানে বাড়ছে মূত্রথলির সমস্যা, যেসব লক্ষণে সতর্ক হবেন

কফি  © সংগৃহীত

কফিকে পছন্দ করে না কে। সকালে ঘুম থেকে উঠে ঘুম ঘুম ভাব কাটাতে, ক্লান্তি দূর করতে কিংবা ব্যস্ত দিনের মাঝে নিজকে একটু চাঙ্গা রাখতে অনেকেই কফি খেয়ে থাকেন। কফিতে থাকা ক্যাফিন দ্রুত স্নায়ুকে সতেজ করে, মনোযোগ বাড়ায় এবং সাময়িকভাবে শরীরে কর্মশক্তি ফিরিয়ে আনে। এ কারণেই বিশ্বজুড়ে জনপ্রিয় এই পানীয়।

তবে সব ভালো জিনিসের মতো কফির ক্ষেত্রেও প্রয়োজন পরিমিত। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ও নিয়মিত কফি পান করলে তা মূত্রাথলি ও মূত্রতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেকেই হয়ত লক্ষ্য করেছেন, কফি পান করার কিছু সময়ের মধ্যেই প্রস্রাবের বেগ বেড়ে যায়। কারও কারও ক্ষেত্রে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে প্রস্রাব দীর্ঘক্ষণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।

চিকিৎসকদের মতে, কফি একটি মৃদু 'ডাইইউরেটিক'। যেটি শরীরে প্রস্রাবের পরিমাণ বাড়াতে পারে। ফলে যারা ঘন ঘন কফি পান করেন কিন্তু পর্যাপ্ত পানি পান করেন না, তাদের শরীরে পানিশূন্যতা, হজমের সমস্যা এবং মূত্রাশয়জনিত অস্বস্তি দেখা দিতে পারে।

ভারতের নয়ডাভিত্তিক কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মনোজ সিংহল জানান, কফি যেমন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে, তেমনি অতিরিক্ত ক্যাফিন মূত্রাশয়ের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এতে থাকা কিছু উপাদান প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে ঘন ঘন প্রস্রাবের চাপ বাড়ে। অনেকেই বিষয়টিকে স্বাভাবিক মনে করে গুরুত্ব দেন না। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে মূত্রাশয়ের ভেতরের আস্তরণে প্রদাহ সৃষ্টি হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে মূত্রাশয়ের প্রস্রাব ধরে রাখার স্বাভাবিক সক্ষমতাও কমে যেতে পারে।

যেসব লক্ষণে বুঝবেন মূত্রাশয় ক্ষতিগ্রস্ত হতে পারে
ঘন ঘন প্রস্রাবের বেগ: কফি পান করার পর স্বাভাবিকের তুলনায় বারবার প্রস্রাবের চাপ অনুভূত হলে সেটি অতিরিক্ত ক্যাফিন গ্রহণের একটি লক্ষণ হতে পারে।

হঠাৎ প্রস্রাবের তীব্র চাপ: কোনো বিশেষ কারণ ছাড়াই হঠাৎ করে তীব্র প্রস্রাবের বেগ আসা এবং দ্রুত টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করা মূত্রাশয়ের অতিসংবেদনশীলতার ইঙ্গিত হতে পারে।

রাতে বারবার ঘুম ভাঙা: রাতের বেলায় একাধিকবার প্রস্রাবের জন্য ঘুম থেকে উঠতে হলে সেটিও সতর্ক হওয়ার একটি কারণ। বিশেষ করে নিয়মিত এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মূত্রাশয়ে অস্বস্তি বা জ্বালাপোড়া: তলপেটে চাপ অনুভব করা, মূত্রাশয়ে অস্বস্তি, জ্বালাপোড়া কিংবা হালকা ব্যথা থাকলেও বিষয়টিকে অবহেলা করা ঠিক নয়।

কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, কফি সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে দিনে কতটুকু ক্যাফিন গ্রহণ করছেন, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করতে হবে এবং কফি পানের পর শরীরের কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে। যদি ঘন ঘন প্রস্রাব, মূত্রাশয়ে অস্বস্তি বা রাতে বারবার প্রস্রাবের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। [সূত্র: আনন্দবাজার]