২৫ মে ২০২৬, ১৩:১১

ফ্রোজেন মাছ-মাংস দ্রুত ডিফ্রস্ট করবেন কীভাবে, জেনে নিন নিরাপদ ৫ উপায়

ফ্রিজের ফ্রোজেন মাছ-মাংস ডিফ্রস্ট করার জন্য অনেকে বিভিন্ন পন্থা অবলম্বন করেন  © এআই সৃষ্ট ছবি

রান্না করতে করতে হঠাৎ আপনার মনে হলো মাছ বা মাংস এখনো ফ্রিজারেই পড়ে আছে? এমন পরিস্থিতিতে অনেকেই তাড়াহুড়ো করে রান্নাঘরের টেবিলে রেখে বরফ গলানোর চেষ্টা করেন। কিন্তু গরমের সময়ে এভাবে দীর্ঘক্ষণ বাইরে রাখলে খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। 

এ কারণে ফ্রোজেন মাছ-মাংস ডিফ্রস্ট করার সময় নিরাপদ ও সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। এতে যেমন দ্রুত বরফ গলবে, তেমনি খাবারের স্বাদ ও গুণগত মানও ঠিক থাকবে।

১. ঠান্ডা পানিতে ডিফ্রস্ট করুন
ফ্রোজেন মাছ বা মাংস দ্রুত ডিফ্রস্ট করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ঠান্ডা পানির ব্যবহার। একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে তার মধ্যে মাছ বা মাংস ডুবিয়ে রাখুন। তবে খেয়াল রাখতে হবে, প্রতি ২০ থেকে ৩০ মিনিট পরপর পানি বদলে দিতে হবে। এতে বরফ দ্রুত গলবে এবং খাবারও নিরাপদ থাকবে।

২. ফ্রিজে রাখার আগেই প্রস্তুতি নিন
মাংস ফ্রিজারে রাখার আগে যদি ফ্রিজার-সেফ ব্যাগে ভরে হালকা চ্যাপ্টা করে রাখা যায়, তাহলে পরে বরফ গলাতে অনেক সুবিধা হয়। এভাবে রাখলে পুরো মাংসে সমানভাবে ঠান্ডা জমে এবং ডিফ্রস্ট করার সময় দ্রুত বরফ ছাড়ে। এতে রান্নার সময়ও ঝামেলা কম হয়।

৩. মেটাল প্যানের ব্যবহার
ধাতু খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে। এ সুবিধা কাজে লাগিয়ে সহজেই বরফ গলানো সম্ভব। একটি মেটাল প্যানের ওপর ফ্রোজেন মাছ বা মাংস রাখুন। এরপর ওপরে আরেকটি মেটাল প্যান দিয়ে ঢেকে দিন। এতে স্বাভাবিকভাবেই দ্রুত বরফ গলতে শুরু করবে। বিদ্যুৎ বা গরম পানি ছাড়াই এই পদ্ধতি বেশ কার্যকর।

৪. মাইক্রোওয়েভের ডিফ্রস্ট মোভড ব্যবহার করুন
বর্তমানে বেশিরভাগ মাইক্রোওয়েভেই ‘ডিফ্রস্ট’ অপশন থাকে। এটি ব্যবহার করলে কয়েক মিনিটের মধ্যেই মাছ বা মাংসের বরফ গলে যায়। মাইক্রোওয়েভে খাবার রেখে ডিফ্রস্ট মোড চালু করুন। ৩০ সেকেন্ড পরপর খাবার উল্টে-পাল্টে দিন, যাতে সবদিকে সমানভাবে বরফ গলে। তবে মাইক্রোওয়েভে ডিফ্রস্ট করার পর দেরি না করে দ্রুত রান্না করে নেওয়া নিরাপদ।

আরও পড়ুন: রাসুল (সা.) যেভাবে কোরবানির মাংস বণ্টন করতেন

৫. নরমাল ফ্রিজে রাখা
এটি সবচেয়ে নিরাপদ। যদি আগে থেকে পরিকল্পনা থাকে, তাহলে আগের রাতেই মাছ বা মাংস ফ্রিজার থেকে বের করে নরমাল ফ্রিজে রেখে দিন। ধীরে ধীরে বরফ গলবে, ফলে খাবারের স্বাদ ও গুণগত মান ঠিক থাকবে। পাশাপাশি ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকিও কম থাকবে। বিশেষজ্ঞদের মতে, এটি ফ্রোজেন খাবার ডিফ্রস্ট করার সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়।

ফ্রোজেন মাংস ডিফ্রস্ট করার আরও কিছু পদ্ধতি রয়েছে। এর মধ্যে ভ্যাকুয়াম-সিল প্যাক ব্যবহার করা। যদি মাছ বা মাংস ভালোভাবে এয়ারটাইট বা ভ্যাকুয়াম-সিল করা থাকে, তাহলে ঠান্ডা পানিতে ডিফ্রস্ট করলে বরফ দ্রুত গলে। কারণ পানি বাতাসের তুলনায় দ্রুত তাপ পরিবহন করতে পারে।

এতে খাবারের বাইরের অংশ বেশি সময় গরম হয়ে থাকে না এবং ব্যাকটেরিয়ার ঝুঁকিও কমে। এ ছাড়া বিজ্ঞানভিত্তিক আরেকটি কার্যকর উপায় হলো মাছ বা মাংস ছোট ও পাতলা ভাগে ভাগ করে ফ্রিজে রাখা। মোটা ব্লকের তুলনায় পাতলা অংশে তাপ দ্রুত পৌঁছায়। ফলে ডিফ্রস্ট করতেও কম সময় লাগে এবং খাবার সমানভাবে গলে। (সূত্র: এই সময়)