অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেটিসে আক্রান্ত— ডা. এ কে আজাদ খানের পরামর্শ
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেছেন, মুটিয়ে যাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিকসের অন্যতম প্রধান কারণ। ডায়াবেটিসের লক্ষণ হিসেবে ৫ বিষয় উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, ক্লান্তি ও ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি যাদের পারিবারিক ইতিহাস বা অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি রয়েছে, তাদের নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা উচিত।
তিনি বলেন, মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে শারীরিক পরিশ্রম ও খেলাধুলার অভ্যাস কমে যাওয়ায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।- খবর বাসসের
প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দিয়ে ডা. এ কে আজাদ খান বলেন, দ্রুত হাঁটা, সাইকেল চালানো ও সাঁতার কাটার মতো কর্মকাণ্ড শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়ক। শিশু-কিশোরদেরও প্রতিদিন পর্যাপ্ত সময় সক্রিয় খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া প্রয়োজন।
ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাও জরুরি বলে মনে করেন ডা.এ কে আজাদ খান। তিনি বলেন, অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলেও সুস্পষ্ট উপসর্গ দেখা যায় না।
তার মতে, ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ, প্রয়োজনীয় ওষুধ সেবন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘমেয়াদে হৃদরোগ, কিডনি জটিলতা, চোখের সমস্যা ও স্নায়ুর ক্ষতির কারণ হতে পারে।
ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস প্রতিরোধে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এবং জনসচেতনতা তৈরি করা জরুরি। বিশেষ করে শিশু-কিশোরদের প্রযুক্তিনির্ভর বিনোদনের পাশাপাশি খেলাধুলায় ফিরিয়ে আনা, শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, শিশু-কিশোরদের একটি বড় অংশ এখন মাঠে গিয়ে খেলাধুলার পরিবর্তে কম্পিউটার ও মোবাইল ফোনে গেম খেলায় বেশি সময় কাটাচ্ছে। কিন্তু প্রযুক্তিনির্ভর বিনোদনের পাশাপাশি শরীরের স্বাভাবিক বিকাশ ও সুস্থতার জন্য শারীরিক কর্মকাণ্ডও অত্যন্ত প্রয়োজন।
ডায়াবেটিসের কারণ সম্পর্কে তিনি বলেন, মানুষের শারীরিক পরিশ্রমের প্রবণতা আগের তুলনায় অনেক কমে গেছে। পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছে। মানুষ ক্রমেই কম শারীরিক পরিশ্রমনির্ভর জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে। দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বাড়লেও সেই অনুপাতে শারীরিক কর্মকাণ্ড বাড়ছে না। ফলে মানুষের মধ্যে মুটিয়ে যাওয়া ও ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হচ্ছে।
শিশু-কিশোরদের খেলাধুলার অভ্যাস কমে যাওয়াটা উদ্বেগজনক বলে মনে করেন ডা. এ কে আজাদ খান। তিনি বলেন, আগে শিশুরা অবসর সময়ে মাঠে গিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিত। এখন অনেকেই কম্পিউটার ও মোবাইল ফোনে গেম খেলাকে বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। এতে তাদের স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ডের সুযোগ কমে যাচ্ছে।
অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, কম্পিউটার ও মোবাইল ফোনের ব্যবহারকে নেতিবাচকভাবে দেখার কোনো প্রয়োজন নেই। আধুনিক জীবনে এসব প্রযুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু প্রযুক্তির ব্যবহার যেন মানুষের শারীরিক কর্মকাণ্ডের বিকল্প হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শুধু কম্পিউটার বা মোবাইল ফোনে গেম খেলার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় শারীরিক পরিশ্রম হয় না। তাই শিশুদের প্রযুক্তিনির্ভর বিনোদনের পাশাপাশি মাঠে গিয়ে খেলাধুলা করার অভ্যাস গড়ে তুলতে হবে।
ডায়াবেটিস প্রতিরোধের উপায় সম্পর্কে তিনি বলেন, প্রথমেই মানুষকে সচেতন করতে হবে। ডায়াবেটিস প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে। মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপন, শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের বিষয়ে জানাতে হবে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি বলেন, ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করতে সংবাদমাধ্যমের প্রচার কার্যক্রম জোরদার করা প্রয়োজন। মানুষকে শুধু রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতন করলে চলবে না। রোগের ঝুঁকি কমাতে আগে থেকেই সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রমের অভ্যাস ফিরিয়ে আনা, খেলাধুলায় অংশ নেওয়া এবং খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন হওয়া জরুরি।
অধ্যাপক ডা.এ কে আজাদ খান জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি বিপাকীয় রোগ। শরীরে ইনসুলিনের ঘাটতি অথবা ইনসুলিন যথাযথভাবে কাজ না করার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং বংশগত প্রবণতা গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। এ কারণে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড এবং ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডায়াবেটিস প্রতিরোধে সুষম খাদ্য গ্রহণও গুরুত্বপূর্ণ বলে জানান ডা.এ কে আজাদ খান। তিনি বলেন, অতিরিক্ত চিনি, মিষ্টিজাতীয় খাবার, কোমল পানীয় ও অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার গ্রহণের প্রবণতা কমাতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল, ডাল, মাছসহ পুষ্টিকর খাবার রাখতে হবে। একই সঙ্গে বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী নিয়মিত হাঁটাচলা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।