ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষয়ে
ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখতে শুধু রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখলেই যথেষ্ট নয়। একই সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তচাপ ও রক্তের ক্ষতিকর কোলেস্টেরল। এই তিনটি বিষয়কে একসঙ্গে গুরুত্ব দেওয়ার চিকিৎসাবিজ্ঞানের একটি ধারণা হলো ‘এবিসি অব ডায়াবিটিস কেয়ার’। A দিয়ে বোঝানো হয় A1C বা গত কয়েক মাসের গড় রক্তে শর্করার মাত্রা, B দিয়ে Blood Pressure বা রক্তচাপ এবং C দিয়ে Cholesterol বা কোলেস্টেরল।
ডায়াবিটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া, দৃষ্টিশক্তি হারানো এবং স্নায়ুর ক্ষতির ঝুঁকি বাড়ে। শুধু রক্তে শর্করা নয়, উচ্চ রক্তচাপ ও অস্বাভাবিক কোলেস্টেরলও এসব জটিলতার আশঙ্কা বাড়াতে পারে। তাই ডায়াবিটিস ব্যবস্থাপনায় তিনটি বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী, দীর্ঘদিন রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে শরীরের রক্তনালি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। এর প্রভাব পড়ে হৃদ্যন্ত্র, কিডনি, চোখ ও পায়ের ওপর। এ কারণে রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
A—A1C: রক্তে শর্করার দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ
ডায়াবিটিস নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ সূচক হলো এইচবিএ১সি (HbA1c) পরীক্ষা। সাধারণ রক্তে শর্করা পরীক্ষায় নির্দিষ্ট সময়ের গ্লুকোজের মাত্রা জানা যায়। অন্যদিকে, এইচবিএ১সি পরীক্ষায় আগের প্রায় দুই থেকে তিন মাসে রক্তে শর্করার গড় অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশনের (এডিএ) ২০২৬ সালের নির্দেশনা অনুযায়ী, গর্ভবতী নন এমন অনেক প্রাপ্তবয়স্ক ডায়াবিটিস রোগীর জন্য এইচবিএ১সি ৭ শতাংশের নিচে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে সবার জন্য একই লক্ষ্য প্রযোজ্য নয়। বয়স, ডায়াবিটিসের স্থায়িত্ব, অন্যান্য শারীরিক সমস্যা এবং রক্তে শর্করা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি বিবেচনায় চিকিৎসক ব্যক্তিভেদে লক্ষ্য নির্ধারণ করেন। এই পরীক্ষা শুধু ডায়াবিটিস শনাক্তের জন্য নয়, চিকিৎসা কতটা কার্যকর হচ্ছে তা বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। রক্তে শর্করা দীর্ঘদিন বেশি থাকলে চোখের রেটিনা, কিডনি, স্নায়ু ও রক্তনালির ক্ষতি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত এইচবিএ১সি পরীক্ষা করানো প্রয়োজন।
B—Blood Pressure: রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
ডায়াবিটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। উচ্চ রক্তচাপ রক্তনালির ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। অন্যদিকে, দীর্ঘদিন উচ্চ রক্তে শর্করা রক্তনালির ক্ষতি করে। ফলে দুটি সমস্যা একসঙ্গে থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বেশি ঝুঁকিতে পড়ে।
আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্দেশিকায় নিয়মিত চিকিৎসা সাক্ষাতে রক্তচাপ মাপার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক ডায়াবিটিস রোগীর ক্ষেত্রে রক্তচাপ ১৩০/৮০ মিমি পারদের নিচে রাখার লক্ষ্য বিবেচনা করা হয়। তবে বয়স, হৃদ্রোগ ও কিডনির অবস্থা এবং চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি অনুযায়ী লক্ষ্য পরিবর্তিত হতে পারে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাবারে অতিরিক্ত লবণ পরিহার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ধূমপান থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মিত সেবন করতে হবে।
C—Cholesterol: ক্ষতিকর কোলেস্টেরল নিয়ন্ত্রণ
ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বিবেচনায় রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলডিএল (LDL) বা ক্ষতিকর কোলেস্টেরল রক্তনালির দেয়ালে জমে রক্ত চলাচলে বাধা তৈরি করতে পারে। এতে হৃদযন্ত্রে রক্ত সরবরাহ কমে হার্ট অ্যাটাক এবং মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে স্ট্রোক হতে পারে।
কোলেস্টেরলের অবস্থা জানতে লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয়। এতে এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইডসহ রক্তের বিভিন্ন চর্বির মাত্রা জানা যায়। ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রে বয়স, হৃদ্রোগের ইতিহাস এবং অন্যান্য ঝুঁকি বিবেচনায় এলডিএল নিয়ন্ত্রণের লক্ষ্য নির্ধারণ করা হয়।
আমেরিকান ডায়াবিটিস অ্যাসোসিয়েশনের নির্দেশনায় হৃদরোগের ঝুঁকি অনুযায়ী কোলেস্টেরল কমানোর ওষুধ, বিশেষ করে স্ট্যাটিন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কার কত মাত্রার ওষুধ প্রয়োজন, তা চিকিৎসক নির্ধারণ করবেন।
খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা প্রয়োজন। অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, ভাজাপোড়া, ট্রান্স ফ্যাটযুক্ত খাবার ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমিয়ে শাকসবজি, ফল, আঁশযুক্ত খাবার এবং স্বাস্থ্যকর চর্বির উৎস বেছে নেওয়া ভালো। নিয়মিত শরীরচর্চাও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক।
এবিসি-এর পাশাপাশি যে পরীক্ষাগুলো জরুরি
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু রক্তে শর্করা, রক্তচাপ ও কোলেস্টেরল পরীক্ষা করলেই হবে না। রোগের জটিলতা শনাক্তে কিডনি, চোখ ও পায়ের অবস্থাও নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।
কিডনির কার্যক্ষমতা যাচাইয়ে প্রস্রাবে অ্যালবুমিন-টু-ক্রিয়েটিনিন অনুপাত (UACR) এবং রক্তে ক্রিয়েটিনিন থেকে নির্ণীত ইজিএফআর (eGFR) পরীক্ষা গুরুত্বপূর্ণ। টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত সবার এবং টাইপ-১ ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার পাঁচ বছর পর থেকে অন্তত বছরে একবার এ দুটি পরীক্ষা করা উচিত। কিডনি রোগ শনাক্ত হলে রোগের পর্যায় অনুযায়ী পরীক্ষার সংখ্যা বাড়তে পারে।
জীবনযাপনে পরিবর্তনও জরুরি
ডায়াবিটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন গুরুত্বপূর্ণ। নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রম, সুষম খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুলতে হবে। ধূমপান পরিহার করতে হবে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ ও প্রয়োজনীয় পরীক্ষা চালিয়ে যেতে হবে।