মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যতিক্রমী প্রচারণা
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে প্রচলিত সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে রাজধানী ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ‘Stand for Mental Health’ শীর্ষক একটি ব্যতিক্রমী প্রচারণা আয়োজন করে যাচ্ছে দ্য ওপেন স্পেস (The Open Space)। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পেইন ১০ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় চলবে।
ক্যাম্পেইনের আওতায় রিকশার পেছনে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা, স্লোগান ও চিত্রকর্ম প্রদর্শন করা হবে। এর মাধ্যমে নগরবাসীর কাছে মানসিক স্বাস্থ্য নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সামাজিক কলঙ্ক বা স্টিগমা কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পেইনের মূল বার্তা—‘Stand for Mental Health’। এর অংশ হিসেবে রিকশায় কয়েকটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বক্তব্য তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে, ‘Mental Illness; Not a weakness. Not a choice. Not a shame.’ অর্থাৎ, মানসিক অসুস্থতা দুর্বলতা নয়, এটি কোনো ব্যক্তিগত পছন্দ নয় কিংবা লজ্জার বিষয়ও নয়।
এ ছাড়া ‘শরীরের তো যত্ন নিচ্ছেন, মনের যত্ন কি নেন?’, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলেই কেন পাগল তকমা?’ এবং ‘লোকে কী বলবে? ভেবে মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না।’—এমন বার্তার মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হবে।
আয়োজকদের মতে, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনের সময় সহায়তা চাওয়ার ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই অন্যের নেতিবাচক মন্তব্য বা সামাজিক বিচার-ভীতির কারণে মানসিক সমস্যার কথা প্রকাশ করতে চান না। এ পরিস্থিতি পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি, সহমর্মিতা এবং মানসিক স্বাস্থ্যসেবার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা জরুরি।
ক্যাম্পেইনটি অনলাইনেও পরিচালিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে #standformentalhealth হ্যাশট্যাগ ব্যবহার করে প্রচারণার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাত্রী, পথচারী, সহযোগী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে এ উদ্যোগে অংশ নেওয়ার পাশাপাশি প্রচারণাসংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে উৎসাহিত করা হচ্ছে।
দ্য ওপেন স্পেস ২০২২ সালে যাত্রা শুরু করা একটি অনলাইনভিত্তিক ইকোসিস্টেম, যা গবেষণা, শিক্ষা, কমিউনিটি হিলিং ও মানসিক সুস্থতাকেন্দ্রিক উদ্যোগ নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে TOS Sleep Institute, TOS Research Centre, TOS Academy, TOS Healing Circle এবং TOS Wellbeing Talks। এর আগে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
আয়োজকদের প্রত্যাশা, ৩০০ রিকশার এই প্রচারণা রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনাকে আরও দৃশ্যমান করবে এবং মানুষের মধ্যে সচেতনতা, সহমর্মিতা ও প্রয়োজনের সময় সহায়তা নেওয়ার মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখবে।