শেরপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টা পরেই শিশুর মৃত্যু
শেরপুরে হাম উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে হাসপাতালের হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুর নাম সাফুয়াত। সে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের দিনমজুর মো. মোজাম্মেলের ছেলে।
শনিবারর (১৬ মে) দুপুরে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে শিশু সাফুয়াত জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে গুটি নিয়ে অসুস্থ ছিল। অবস্থার অবনতি হলে শনিবার সকাল ৮টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালেই তার মৃত্যু হয়।
শিশুটির দাদী মাহফুজা বেগম বলেন, “তিনদিন ধরে জ্বর আর শরীরে ফুসুরি উঠছিল। পরে আজকে হাসপাতালে আনছিলাম। ভর্তি করার পরেই মারা গেল।”
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুন নাহার বলেন, “জ্বর, শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে শিশুটির বাবার আর্থিক সংকট থাকায় সেখানে নেওয়া সম্ভব হয়নি বলে তারা জানিয়েছেন।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাম উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালের হাম ওয়ার্ডে ৬০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, ‘হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে।’