২৮ নভেম্বর ২০২৬, ২২:০৯

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেননি যুবলীগ নেত্রীর পরিবারের কেউ

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা ও তার সন্তান  © ফাইল ছবি

যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। একই সঙ্গে ছেলের মৃত্যুর পর শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। রাশেদ খাঁনের দাবি, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের কেউ গাজীপুরের জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করেননি।

শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মুহাম্মদ রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, যুবলীগ নেত্রী শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মহান আল্লাহর কাছে শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, শারমিন সুলতানা গ্রেপ্তারের পর তার একটি প্রতিবন্ধী সন্তান থাকার বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তার জামিনে মুক্তির দাবিতে লেখালেখি করেছিলেন। তবে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির কারণে পরবর্তী সময়ে বিষয়টি আর আলোচনায় থাকেনি। তুর্যের মৃত্যুর পর আবারও অনেকে উদ্বেগ প্রকাশ করছেন। ব্যক্তিগতভাবেও ঘটনাটি তাকে ব্যথিত করেছে বলে জানান তিনি।

শারমিন সুলতানাকে সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।

জেলা প্রশাসকের বরাত দিয়ে তিনি দাবি করেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির বিষয়ে জেলা প্রশাসনের কাছে কোনো আবেদন কিংবা ফোনকল আসেনি। তার স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যও সন্তানের মৃত্যুর বিষয়টি জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে তুর্যের মরদেহ কারাফটকে নেওয়ার পরও সিনিয়র জেলারের পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়নি। তবে সিনিয়র জেলারের কোনো বন্দিকে তার পরিবারের সদস্যের মরদেহ দেখানোর আইনগত এখতিয়ার রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

রাশেদ খাঁন বলেন, পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে এবং তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত। কিন্তু আবেদনই করা হয়নি বলে জেলা প্রশাসক তাকে জানিয়েছেন।

সরকারের মানবাধিকার-সংক্রান্ত অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একজন মায়ের সন্তানের মৃত্যুর ঘটনায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, এমনটা হওয়ার কথা নয়। পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিষয়টি জানানো হলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শারমিন সুলতানার প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর পর কারাবন্দি মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে প্যারোলে মুক্তির আবেদন না পাওয়ার বিষয়টি সামনে আনলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।