২৭ নভেম্বর ২০২৬, ১২:১০

রাইডিং-প্রেমে প্রধানমন্ত্রী, তালিকায় বাই সাইকেল থেকে ল্যান্ড ক্রুজার, আছে ট্রাক-সাজোয়া যানও

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন ধরনের গাড়ি চালানোর দৃশ্য  © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি চালানোর আগ্রহ বিভিন্ন সময়ে নানা ঘটনায় সামনে এসেছে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে তাকে নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিতে দেখা গেছে। কখনো নিজের ব্যবহৃত বিলাসবহুল গাড়ি, কখনো দেশীয় প্রতিষ্ঠানের তৈরি বৈদ্যুতিক যান, আবার কখনো শিক্ষার্থীর উদ্ভাবিত ছোট রেসিং কার চালিয়েছেন তিনি। এমনকি সামরিক যান ও বাইসাইকেল চালিয়েও আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী।

গাড়ি নির্মাণশিল্পের প্রতি আগ্রহের পাশাপাশি দেশীয় উদ্যোক্তা ও তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতেও বিভিন্ন সময় যানবাহন চালিয়ে দেখেছেন তারেক রহমান। কোনোটি চালিয়েছেন নিজে, আবার কোনোটি পরিদর্শনের সময় চড়ে দেখেছেন। এসব ঘটনায় তার ব্যক্তিগত আগ্রহের পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি উৎসাহ দেওয়ার বিষয়টিও উঠে এসেছে।

সম্প্রতি নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে সামরিক যান চালান তিনি। এর আগে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো থেকে শুরু করে দেশীয় প্রতিষ্ঠানের তৈরি এসইউভি, কাভার্ড ভ্যান ও শিক্ষার্থীর তৈরি গো-কার্ট চালাতে দেখা গেছে তাকে। এসব যানবাহনের মধ্যে কয়েকটি নিয়ে আলোচনাও তৈরি হয়েছে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সময়ে যেসব গাড়ি ও যানবাহন চালিয়েছেন, সেগুলো নিয়ে এ আয়োজন।

১. টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো (২৫০ সিরিজ)
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের গাড়ি চালিয়ে সরকারি অনুষ্ঠানে যেতে দেখা গেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো (২৫০ সিরিজ) মডেলের গাড়িটি নিজেই চালিয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। এ সময় গাড়িতে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন। বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের কার্যালয় থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

২.প্রোটোটাইপ টয়োডা মডেল এ১
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির প্রথম প্রাইভেট কারে চড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানায় পৌঁছালে টয়োটার কর্মকর্তারা তাকে গাড়িটি চালিয়ে দেখার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

৩. শিক্ষার্থীর তৈরি গো-কার্ট
এক কলেজশিক্ষার্থীর নিজের হাতে তৈরি ছোট রেসিং গাড়ি ‘গো-কার্ট’ চালিয়েও আলোচনায় আসেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে এক শিক্ষার্থীর তৈরি এই গাড়িতে চড়েন তিনি। রিজওয়ান রশিদ নামের ওই শিক্ষার্থী সম্পূর্ণ নিজের নকশায় ও নিজ হাতে গো-কার্টটি তৈরি করেন। তার উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী গাড়িটিতে চড়েন।

৪. স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি)
দেশীয় গাড়ি নির্মাণশিল্পের অগ্রগতি দেখতে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা গাড়িগুলোর মধ্যে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) নিজেই চালিয়ে দেখেন তিনি। এ সময় গাড়ি নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

৫. কাভার্ড ভ্যান
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি একটি বৈদ্যুতিক কাভার্ড ভ্যানও নিজে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিষ্ঠানটির তৈরি গাড়িগুলো পরিদর্শনের সময় তিনি ভ্যানটির চালকের আসনে বসেন। এ সময় দেশীয় গাড়ি নির্মাতাদের উদ্যোগের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

৬. বাইসাইকেল
দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে সেগুলোর মান যাচাই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য বুধবার সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

আরও পড়ুন: ডিসেম্বরে কৃষক কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন, আবেদন করতে পারবেন যারা 

৭. সামরিক যান
গত ২৪ নভেম্বর নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে সামরিক যান চালান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজেই ড্রাইভিং সিটে বসে সামরিক যানটি চালাচ্ছেন। তার পাশে সেনাপ্রধান ছাড়াও সামরিক বাহিনীর কয়েকজন সদস্য ছিলেন। তারা বেশ কিছু সময় ওই সামরিক যান নিয়ে ঘোরেন।

৮. বৈদ্যুতিক শাটল
২০২৬ সালের ১৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে সংসদ ভবন চত্বরে পৌঁছে সাদা রঙের একটি খোলা বৈদ্যুতিক শাটল গাড়িতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইসময় একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, এটা কি আপনি চালাবেন, সরুন আমি চালাই।