ডিসেম্বরে কৃষক কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন, আবেদন করতে পারবেন যারা
কৃষক কার্ড কর্মসূচির পাইলটিংয়ের দ্বিতীয় ধাপের কার্যক্রম আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে খুলনা ও ঢাকা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে আইবাসের মাধ্যমে কৃষকদের ব্যাংক হিসাবে এ অর্থ দেওয়া হবে।
পরবর্তী সময়ে আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র ১ লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্য পৃথকভাবে কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশব্যাপী চলমান এ কর্মসূচির আওতায় আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।
চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র প্রায় ৩৯ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা হিসেবে প্রায় ৯৭০ কোটি টাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহ করছেন প্রায় ৭ হাজার ২০০ উপসহকারী কৃষি কর্মকর্তা। সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে তারা মাঠপর্যায়ে কাজ করছেন।
কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। পাশাপাশি প্রায় ১৬ লাখ ৫৬২ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়।
পরে ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭ উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়।
এবারের ধাপে কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকের ১ হাজার ৯৯০ জন কৃষককে সোনালী ব্যাংকের মাধ্যমে কার্ড দেওয়া হবে। এ কর্মসূচিতে প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংক—বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক যুক্ত রয়েছে।
কার্ড মুদ্রণের পর পর্যায়ক্রমে সব কৃষকের মধ্যে তা বিতরণ করা হবে। তবে এ পর্যায়ে কৃষি উপকরণ সহায়তার আওতাভুক্ত কৃষকেরা কার্ড ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নগদ অর্থ তুলতে পারবেন। ওই অর্থ দিয়ে শুধু কৃষি উপকরণ কেনা যাবে। উপকরণ কেনার পর এর প্রমাণ সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিস বা উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানিয়ে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা কৃষি অফিসগুলোকে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে সব কৃষককে ডিজিটাল ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচসেবা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, কৃষি বিমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মোবাইল ফোনে ফসলের বালাই ব্যবস্থাপনা, আবহাওয়া ও বাজারের তথ্য এবং কৃষিবিষয়ক প্রশিক্ষণসংক্রান্ত সেবাও দেওয়া হবে।
কৃষক কার্ডের তথ্য সংগ্রহের সময় প্রকৃত কৃষক শনাক্ত করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির পরিমাণ ও কৃষিকাজসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে ব্যাংক হিসাব খোলা, কার্ড মুদ্রণ ও বিতরণ এবং অন্যান্য সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। ভুল তথ্য দিয়ে কেউ যেন সুবিধা নিতে না পারেন, আবার প্রকৃত কোনো কৃষকও যেন বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে।