২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৬

শিক্ষকদের পাশে থাকতে হবে, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে

ড. মাহদী আমিন  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে। তারা আমাদের ভবিষ্যতের কান্ডারি। শিক্ষকদের পাশে থাকতে হবে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অনেক। আমাদের পথচলায় কোন ভুল হলে সেগুলো সুধরে দেবেন। আবার ভালো উদ্যোগ নিলে সেটার প্রচারণাও করতে হবে। আমাদের চলার পথে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ জন্য তিনি শিক্ষায় বাজেটের ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার ২ শতাংশ বরাদ্দ দিয়েছেন।

মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের মিড মে মিল, প্রথম শ্রেণি থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস—এগুলো প্রধানমন্ত্রীর পরিকল্পনা। প্রধানমন্ত্রীর শিক্ষা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেগুলোর বাস্তবায়ন ধীরে ধীরে দেখতে পারবেন।