২৬ নভেম্বর ২০২৬, ১২:১২

প্রাণিসম্পদ খাত এখন বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে: তারেক রহমান

প্রাণিসম্পদ খাত এখন বাণিজ্যিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে: তারেক রহমান  © সংগৃহীত

প্রাণিসম্পদের উন্নয়ন কেবল গবাদিপশু ও হাঁস-মুরগি পালনেই সীমাবদ্ধ নয়; বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের উৎপাদনে পুষ্টির জোগান দিয়ে সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব বলেও বিশ্বাস প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতি বা কৃষি অর্থনীতির প্রাণ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়তে শুধু প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা এবং এর সঠিক বাস্তবায়ন।

মেধা সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে প্রাণিজ আমিষকে অন্যতম পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি তত বেশি বিকশিত হয়; মেধাবী জাতি গঠনের স্বপ্ন তাই পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষ গ্রহণের শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হয়। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

অর্থনীতিতে খাতটির অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এর অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি খাতটি ধীরে ধীরে রপ্তানিমুখী খাতে রূপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের সময়কালে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এই খাতের বিকাশে সরকার সব ধরনের নীতি সহায়তা ও অর্থনৈতিক নীতি সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ সাফল্যের জন্য সবার আগে খামারি ভাই-বোনদের ধন্যবাদ জানান তিনি।

উৎপাদনশীলতা ও বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশ একদিকে প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হবে, অপরদিকে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা।

রপ্তানি বাজার সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে উল্লেখ করে বিদেশে নিত্যনতুন প্রাণিজ পণ্যের বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

খাতটিকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।

পোলট্রি ও প্রান্তিক খামারিদের তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপন্ন হচ্ছে। এই খাতে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে, প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত—যার ৪০ শতাংশ নারী—এবং বেসরকারি বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা। পাশাপাশি প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনিক জীবিকা নির্বাহের জন্য পশু পালন করছেন।

পশুচিকিৎসা ও ভ্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পশুপ্রাণী চিকিৎসা নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ১৭টি রোগের টিকা উৎপাদিত হলেও তা পর্যাপ্ত নয়; তাই আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওড়ে মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাস জমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দের সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে যথাযথ উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

শহরাঞ্চলে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এগুলো মানসিক প্রশান্তি ও আয়ের উৎস হলেও পশুপাখির অধিকার অবহেলা করা যাবে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার অনুযায়ী প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখা, অস্বস্তিতে না রাখা, ব্যথা-আঘাত ও রোগ থেকে মুক্ত রাখা, স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দেওয়া এবং ভয় ও মানসিক যন্ত্রণা না দেওয়ার বিষয়ে সবাইকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

খামারিদের মূল চালিকাশক্তি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের মেধা, পরিশ্রম, নিষ্ঠা ও উদ্যোগেই খাতটি এগিয়ে যাচ্ছে; তাই প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই অর্জন লাখো উদ্যোক্তা ও গবেষকের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং খামারি ও গবেষকদের মেধা-শ্রমে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে।

বিশ্ববাজারে প্রবেশে ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজপণ্য প্রসেসিং সেন্টার ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে এবং আশা প্রকাশ করেন যে অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে।