২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি দেবে মানিকগঞ্জ জেলা পরিষদ, আবেদন আহ্বান

বৃত্তি দেবে মানিকগঞ্জ জেলা পরিষদ  © সংগৃহীত ও সম্পাদিত

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ভালো ফল করা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি দেবে মানিকগঞ্জ জেলা পরিষদ। ২০২৬ সালে এসব পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দের আওতায় মানিকগঞ্জ জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বৃত্তির জন্য এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক প্রতিটি বিভাগে জিপিএ ৪.৫০ অর্জন করতে হবে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে যেকোনো বিভাগে জিপিএ ২.৫০ থাকলেই আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের জেলা পরিষদ, মানিকগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট আকারের এক কপি ছবি এবং স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা প্রশাসকের কাছ থেকে নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপিও জমা দিতে হবে।

আবেদনকারীকে হাতে লিখিত নির্ধারিত আবেদন ফরম আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

আবেদন ফরম জেলা পরিষদের ওয়েবসাইটে এবং জেলা পরিষদ কার্যালয়ে পাওয়া যাবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দিলে শিক্ষাবৃত্তি বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।