২৪ নভেম্বর ২০২৬, ১১:২৯

১৬ ডিসেম্বর বিমানে দেশে ফিরতে চান হাসিনা, নাকচ করে বিকল্প ২ উপায় জানালেন হুমায়ুন কবির

শেখ হাসিনা  © সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান ভারতে নির্বাসিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এ প্রত্যাশা নাকচ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হলে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে আনা সম্ভব।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। দেশে আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র জানান, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিনটিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হাসিনা।

মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও সরকারের দায়িত্ব তাকে বিজয় দিবসে দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করা। দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকার পর এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন তিনি।