বৈশ্বিক দুই তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বৈশ্বিক দুটি তহবিল থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদান পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে এ অর্থ সহায়তা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্লোবাল শিল্ড থেকে অন্তত ৫ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮২ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে, ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৩ কোটি টাকা, দেওয়ার প্রতিশ্রুতি এসেছে। দুই তহবিল মিলিয়ে প্রতিশ্রুত অনুদানের পরিমাণ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘কোনো ধরনের অঙ্গীকার ও সিদ্ধান্ত ছাড়া জলবায়ু সম্মেলন শেষ হওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে আমরা সে হতাশার মধ্যে বৈশ্বিক তহবিল থেকে ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছি।’
সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ৪০টি সাইড ইভেন্টের আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও সংস্থার সঙ্গে জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়। এসব আলোচনার মধ্য দিয়ে বৈশ্বিক তহবিলগুলোর কাছ থেকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যায়।
তবে প্রতিশ্রুত অর্থ এখনো বাংলাদেশের হাতে পৌঁছায়নি। এটি মূলত অনুদান দেওয়ার অঙ্গীকার। অর্থ ছাড়ের প্রক্রিয়া এবং কবে নাগাদ বাংলাদেশ এ অর্থ পেতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ফলে প্রতিশ্রুত অর্থ বাস্তবে ছাড় হওয়ার পরই এর সুফল পাবে বাংলাদেশ।