সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেই গ্রেপ্তার: বিজিবি
পলাতক আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, বিতর্কিত কোনো ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়েছে সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বাহিনীটি।
সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি জানান, ময়মনসিংহ সেক্টরের অধীন ২৪২ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিন-রাত কাজ করছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকা চিহ্নিত করে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
সীমান্ত আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩০টির অধিক সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। পাশাপাশি আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য বিশেষ যান ও এটিভি ব্যবহার করা হচ্ছে।