২২ নভেম্বর ২০২৬, ১৮:০৮

যেসব ভুলে তাৎক্ষণিক বাতিল হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীতা

নির্বাচন কমিশন  © সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালায় এ ক্ষমতা যুক্ত করা হয়েছে। বিধিমালার ৩২ নম্বর বিধির উপবিধি (১) ও (২) সংশোধন করে কমিশনকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশোধিত বিধিমালার ৩২ নম্বর বিধির উপবিধি (১)-এ বলা হয়েছে, ‘এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস হতে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্ট হতে কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তা হলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ প্রদান করতে পারবে।’

উপবিধি (২)-এ বলা হয়েছে, ‘উপ-বিধি (১) এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা তার নির্দেশে বা তার পক্ষে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তা হলে কমিশন, তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা, উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।’

এদিকে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে ভোট নেওয়া হবে। তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের আগে প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল এবং চতুর্থ ধাপে ১৩ মে ভোট নেওয়া হবে। সর্বশেষ পঞ্চম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপসিল ঘোষণা করবেন। এর মাধ্যমে ধাপে ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে ১৬ নভেম্বর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।