চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, লাগবে যে সকল কাগজপত্র
সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীরা সরাসরি নাগরিকদের বাড়ি, ফ্ল্যাট বা বাসস্থানে গিয়ে পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। এ সময় ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগেভাগেই প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান কর্মসূচি ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত অক্টোবর থেকে সারা দেশে বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি পরিবারকে এ ডাটাবেজের আওতায় আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তথ্য সংগ্রহকারীরা বাড়িতে এলে যেসব কাগজপত্র লাগবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় বাসায় আসতে পারেন। তাই তথ্য প্রদান সহজ ও নির্ভুল করতে নাগরিকদের প্রয়োজনীয় নথি ও তথ্য হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—
১. পরিচয়পত্র
পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সী বা যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে।
২. আর্থিক ও ব্যক্তিগত তথ্য
কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এ ছাড়া পরিবারের মোট সদস্যসংখ্যা, আয়-ব্যয় এবং সম্পদের সঠিক বিবরণ জানাতে হবে।
৩. ছবি ও স্বাক্ষর
আবেদনকারী নারীর ছবি এবং বসতবাড়ির ছবি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে।
ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন নয়, সতর্ক থাকার পরামর্শ
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কোনো ব্যক্তি বা প্রতারক চক্র অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে কোনো পরিবার যেন এ শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে সঠিক তথ্য দিয়ে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইমাম-খতিব এবং সুশীল সমাজের নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।