হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলিতে ফুঁসছে ঝিনাইদহবাসী, আদেশ বাতিলের দাবি
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে বদলি আদেশ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সেবাপ্রত্যাশী ও সচেতন নাগরিকরা। হাসপাতালের সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে তার ভূমিকার কথা উল্লেখ করে বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছেন তারা।
গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
এ ঘটনায় ঝিনাইদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, তার দায়িত্বকালে সদর হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে।
এ বিষয়ে ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ‘মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ সদর হাসপাতালে যোগদানের পর অল্প সময়ের মধ্যে হাসপাতালের সেবার চিত্রে পরিবর্তন আনেন। হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করেন। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেন।’
তিনি বলেন, ‘হাসপাতালের অ্যাম্বুলেন্সের জ্বালানি খরচও উল্লেখযোগ্যভাবে কমেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালের জ্বালানি খরচ ছিল ৬৫ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে প্রায় ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে।’
আবুল বাশার আরও বলেন, ‘তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের বিভিন্ন খাতে ব্যয় কমানোর পাশাপাশি আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। প্রতিটি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। রক্ত পরীক্ষার খরচেও আগের তুলনায় উল্লেখযোগ্য সাশ্রয় হচ্ছে।’
তিনি জানান, ‘হাসপাতালের সাইকেল স্ট্যান্ডের ইজারা আগে টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ ৮০ হাজার টাকার কিছু বেশি পাওয়া গেলেও মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম উন্মুক্ত টেন্ডারে তা ৫ লাখ ২০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। প্রাপ্ত অর্থ মসজিদ সংস্কার ও রোগীকল্যাণ সমিতির তহবিলে জমা দেওয়া হয়।’
তার ভাষ্য, ‘ঝিনাইদহের প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য ২৫০ শয্যার এ হাসপাতালে সেবার মান বাড়াতে তত্ত্বাবধায়ক বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এমন একজন কর্মকর্তার বদলির সিদ্ধান্ত স্থানীয়দের জন্য হতাশাজনক।’
স্থানীয় ব্যবসায়ী ফকরুদ্দীন মুন্না বলেন, ‘মোস্তাফিজুর রহমানের সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের অক্সিজেন সরবরাহ এবং তাদের স্বজনদের জন্য পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রোগীদের খাবার পরিবেশনেও স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়ম অনুসরণের উদ্যোগ নেওয়া হয়।’
তিনি বলেন, ‘আগে অনেক রোগী হাসপাতালের খাবার খেতে চাইতেন না। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়কের সময়ে খাবারের মান ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসায় রোগীরা নিজেরাই খাবার চেয়ে নেন। সপ্তাহে দুই দিন ছাগলের মাংস পরিবেশনের ব্যবস্থাও রয়েছে।’
এদিকে হাসপাতালের মাতৃস্বাস্থ্যসেবা উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবার মান বাড়ানো, আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে অস্ত্রোপচার এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান এড়াতে নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখায় জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঝিনাইদহে যোগদানের পর নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছি, এর বাইরে কিছু নয়। সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার একটাই লক্ষ্য ছিল, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিকদের সেবা নিশ্চিত করা।’
তবে তার বদলির আদেশে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। হাসপাতালের সেবার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বদলির আদেশ পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছেন তারা।