২১ নভেম্বর ২০২৬, ১৭:৪২

ইউপির কম্পিউটার অপারেটরদের বেতনও নতুন পে-স্কেলে

লোগো  © ফাইল ফটো

সারা দেশের ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের বেতন নতুন পে-স্কেল অনুযায়ী দেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটরদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর সুবিধাদি প্রদানে সম্মত হয়েছে। তবে এ ব্যাপারে বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অবশ্যই জাতীয় বেতন স্কেল, ২০২৬ সংক্রান্ত অর্থ বিভাগের ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখের এস. আর. ও. নং- ৩৪৭-আইন/২০২৬ যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত) এর বিধি ৮ অনুযায়ী ১ জুলাই, ২০২৬ হতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের বেতন জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’