২১ নভেম্বর ২০২৬, ১৪:৪৪

ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের তালিকা হচ্ছে: সংসদীয় কমিটির চেয়ারম্যান

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া  © সংগৃহীত

‘ফ্যাসিস্টদের দোসর’ হিসেবে কাজ করা শিক্ষকদের প্রমাণসহ তালিকা তৈরি করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম ভূঁইয়া বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিতে হবে। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারো ওপর জুলুম অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’

সেলিম ভূঁইয়া আরো বলেন, নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে—‘আরে এত বড় একজন বয়স্ক লোক আটক’। আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? ওনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন, তাকে ধরে ধরে উঠানো হতো। আবার তাকে হ্যান্ডকাপও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসত, ৪০টি মামলার আসামী ছিলাম। পুলিশ র‌্যাব ডিবি দিয়ে আমাকে উঠাই নেওয়া হয়েছিল।

এ সংসদ সদস্য বলেন, আমি নাকি যাত্রাবাড়ি কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এতকিছু সহজে ভুলিনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধ রাজনীতি করি না।
আবার একেবারে আমাদেরকে কেউ দূর্বল মনে করলে তাদেরকে ছেড়েও দেব না, ধরতে হবে। এই ১৭ বছরে শিখানো হইছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এ কথাগুলো আমার মতো শিক্ষকরাই লেখছে, আপনার মতো শিক্ষকরাই লেখছে। শেখ মুজিব যদি জাতির পিতা হতো, ১৯৭৪ এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকত না। লাশ দাফন করার মতো কেউ ছিল না।