‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে’
জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।
ঐতিহাসিক এ দিবসে সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানী ও সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাঁদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র সেই দায় পূরণের চেষ্টা করেছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক উপাধিতে ভূষিতদের প্রসঙ্গ টেনে বলেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, যাঁরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা যাঁদের পরিবারের কেউ শহীদ হয়েছেন—তাঁরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। তিনি উপস্থিত সবাইকে বীরোচিত অভিনন্দন জানান।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেক আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত সকল মুক্তিযোদ্ধা এবং শহীদ ও আহত সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত; মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।
মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রমাণিত হয়েছে যে এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। পাশাপাশি ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়নের বিষয়টিও তুলে ধরেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত হলেও জীবন সায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, সেজন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
সবশেষে তারেক রহমান বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ—বীর মুক্তিযোদ্ধারা যে সাহসের সঙ্গে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি আবারও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।