রিয়াদে হুতিদের হামলার নিন্দা জানাল ঢাকা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ার লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে দুর্বল করে বলে মনে করে ঢাকা।
হামলার ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
পরিস্থিতির আরও অবনতি রোধে এ ধরনের বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।