২০ নভেম্বর ২০২৬, ১৪:১৯

বার্ডের ৫৪ নিয়োগে ২২ জন কর্মকর্তা-কর্মচারীর আত্মীয়, উঠেছে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি  © টিডিসি সম্পাদিত

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) সম্প্রতি এক কর্মচারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ২০২৪ সালের ৯ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে ২৭ ক্যাটাগরিতে মোট ৫৪ জনকে নিয়োগ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদান করা হয়েছে। এই নিয়োগে একই পরিবারের একাধিক সদস্যসহ বার্ডের অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারীদের ২২ জন আত্মীয়স্বজন নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়োগে স্বজনপ্রীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ তুলেছে সংশ্লীষ্টরা। 

খোঁজ নিয়ে জানা যায়, এই বছরের ১৬ই আগষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া তার সহযোগী হিসেবে ছিলেন কর্মচারী ইউনিয়নের সভাপতি ও হিসাবরক্ষক আশীষ কুমার পাল এবং কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিচ্ছন্নতাকর্মী মারুফুল ইসলাম। তাদের যোগসাজশে মেধাবীদের অবমূল্যায়ন করে স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। 

মারুফুলের স্ত্রী ও তার বড় ভাইয়ের স্ত্রীও দপ্তরী ও সহকারী পরিদর্শিকা হিসেবে নিয়োগ পেয়েছেন। তাদের সাথে কথা বলে এর সত্যতা মিলেছে। মারুফুল বিগত ৮ বছর ধরে কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পদে থেকে প্রভাব বিস্তার করে আসছে। তার বাবা বার্ডের সাবেক অফিস সহায়ক ছিলেন। সর্বশেষ নিয়োগপ্রাপ্ত দুইজনসহ তার তিনভাই, একবোনসহ মোট ৯জন বার্ডের বিভিন্ন পোস্টে কর্মরত আছেন। 

এসব বিষয়ে জানতে চাইলে মারুফুল বলেন, আপনার কাছে সত্য তথ্য থাকলে আপনি প্রচার করেন। আমার ফ্যামিলির যোগ্যতা থাকলে ৫০ জন জব করতে পারবে এটাতে আপনার প্রবলেম আছে? আমার ওয়াইফ এখানে শিক্ষক হিসেবেও নিয়োগ পেয়েছে। ওর যোগ্যতা অনুযায়ী চাকরি হচ্ছে না। পরে সে তিনটা পদের রিটেন পরীক্ষায় পাস করার পর ১৯তম গ্রেডের দপ্তরীতে যোগদান করেছে। এসব অনিয়ম নিয়ে ছয় মাস তদন্ত হয়েছে কিছুই পায়নি। খারাপ লাগে যখন কেউ যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার পরেও এসব শুনা লাগে। 

এদিকে অনুসন্ধানে জানা যায়, নিরাপত্তা প্রহরী মো. মজিবুর রহমানের ছেলে মো. উজ্জ্বল নিয়োগ পেয়েছেন তথ্য সহকারী হিসেবে। একই বিজ্ঞপ্তিতে তার স্ত্রী নাসরিন আক্তার নিয়োগ পেয়েছেন অফিস সহকারী হিসেবে। বার্ড সমবায় সমিতিতে কর্মরত আলমের স্ত্রী ও ভাই মো. শাওন পরিচ্ছন্নতা কর্মী ও কার্য সহকারী হিসেবে নিয়োগ পান। মেডিকেলের ক্লিনিক সহকারী মো. আলাউদ্দিনের স্ত্রী নাহিদা আক্তার দাই হিসেবে নিয়োগ পান। তারা দুইজন একই কক্ষে অফিস করছেন বলে জানা গেছে। মহাপরিচালকের বাংলোতে কর্মরত কবির হোসেনের ছেলে মো. মহিউদ্দিন বাইন্ডার হিসেবে নিয়োগ পান। প্লাম্বিং ফোরম্যান ফরিদ উদ্দিনের ছেলে ফরহাদ একই শাখায় প্লাম্বিং সহকারী হিসেবে নিয়োগ পান। অফিস সহকারী আছমা আক্তার ও ফার্মাসিস্ট মো. নাজমুল ইসলাম নিয়োগ কমিটির সভাপতি মামুনের নিকট আত্মীয় বলে জানা যায়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি

তবে মো. নাজমুল ইসলাম বলেন, এডিজি স্যার আমার কোন আত্মীয় হয় না। বিদ্যুৎ কারিগর আব্দুল্লাহ আল ইমরানের ছোট বোন খাদিজা বেগম নিয়োগ পেয়েছেন অফিস সহকারী হিসেবে। বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের ক্যাশিয়ার এবং তার বাবা ক্যাফেটেরিয়ায় কর্মরত ছিলেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক নিয়োগ প্রত্যাশী বলেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে পরীক্ষায় অংশ নিয়েছি। এখানে যদি উনারা স্বজনপ্রীতিকেই প্রাধান্য দিবেন তাহলে কেন আমাদের পরীক্ষা নিচ্ছেন? উনাদের পছন্দের প্রার্থীদের নিয়ে নিলেই তো পারেন। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি ও অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা যোগ্যদের বাদ দিব কেন? এই অভিযোগটি সত্য নয়। আমাদের এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি এর প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি আছে। সবাইকে নিয়েই আমরা নিয়োগ দিয়েছি। এখানে যদি বাইরের কেউ যোগ্য না হয় বা পরীক্ষায় অংশ না নেয় তাহলে আমাদের কিছু করার নেই। 

তিনি বলেন, এখানে কার পরিবারের কে নিয়োগ পেয়েছে সেটা তো আমরা জানি না। যখন নিয়োগ পেয়েছে তখন জানতে পেরেছি। একই নিয়োগে একই পরিবারের দুই সদস্য কিভাবে নিয়োগ পেয়েছে সেটা অফিস বলতে পারবে। আপনি একটা কাজ করেন সরকারী তথ্য অধিকারে তথ্য চান, সেটা ভালো হবে। বার্ডে যারা থাকে ওরা একাডেমি সম্পর্কে জানে, বুঝে। তারা এখানে চাকরি করার উদ্দেশ্যে পড়ালেখা করে তাই তারা নিয়োগ পায়। এখানে ২৫শতাংশ ক্যান্ডিডেট পরীক্ষায় অংশ নিয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আমার কোন আত্মীয় নেই। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি ও অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা যোগ্যদের বাদ দিব কেন? এই অভিযোগটি সত্য নয়। আমাদের এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসি এর প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি আছে। সবাইকে নিয়েই আমরা নিয়োগ দিয়েছি। এখানে যদি বাইরের কেউ যোগ্য না হয় বা পরীক্ষায় অংশ না নেয় তাহলে আমাদের কিছু করার নেই। এখানে কার পরিবারের কে নিয়োগ পেয়েছে সেটা তো আমরা জানি না। 

তিনি বলেন, যখন নিয়োগ পেয়েছে তখন জানতে পেরেছি। একই নিয়োগে একই পরিবারের দুই সদস্য কিভাবে নিয়োগ পেয়েছে সেটা অফিস বলতে পারবে। আপনি একটা কাজ করেন সরকারী তথ্য অধিকারে তথ্য চান, সেটা ভালো হবে। বার্ডে যারা থাকে ওরা একাডেমি সম্পর্কে জানে, বুঝে। তারা এখানে চাকরি করার উদ্দেশ্যে পড়ালেখা করে তাই তারা নিয়োগ পায়। এখানে ২৫% ক্যান্ডিডেট পরীক্ষায় অংশ নিয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আমার কোন আত্মীয় নেই। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন।

এ বিষয়ে জানতে বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের মন্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।