১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৫

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের লোগো   © সংগৃহীত

একযোগে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

বদলির আদেশ অনুযায়ী, এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়াও রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার, চট্রগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।