ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
চীনের শেনজেন শহরে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে তিন নেতা পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। এসব আলোচনায় ইউক্রেন ও ইরানের যুদ্ধ, বাণিজ্য এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
তিন নেতার আসন্ন বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী তিন দেশের নেতাদের এই বৈঠককে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এপেক সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১ সদস্য দেশ এই অর্থনীতি সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের’ পক্ষে সমর্থন জানান। একই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও উন্মুক্ত পরিবেশ, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি এবং সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এপেক সম্মেলনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুস্থিত ও শান্তিপূর্ণ উন্নয়ন এবং আরও নিবিড় আর্থিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাব।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার নেতৃত্বে, আমেরিকা বিশ্বের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী। আমার প্রশাসন জ্বালানি অংশীদারিত্ব সম্প্রসারণের জন্য এই সম্মেলনে হাজির অনেক দেশের সঙ্গে কাজ করছে। আমরা সবেমাত্র আলাস্কায় একটি বিশাল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন অনুমোদন করেছি, যার মাধ্যমে বিপুল পরিমাণ সাশ্রয়ী মূল্যের মার্কিন প্রাকৃতিক গ্যাস এশিয়ায় রফতানি করা হবে। এটি হবে বিশ্বের বৃহত্তম পাইপলাইন।’
ভেনেজুয়েলায় ক্ষমতার পালাবদলের পর যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানি দেশটির বাজারে প্রবেশ করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজ়ুয়েলায় অসাধারণ ব্যবসা করছি। আমেরিকা শুধু এই অঞ্চলের সমৃদ্ধির প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ নয়, আমরা স্থিতিশীলতা ও শান্তির প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ।’
আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে তাঁর প্রশাসনের ভূমিকার কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসানে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি তিন নেতার বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে। ওয়াশিংটন ও মস্কোর আলোচনার অন্যতম প্রধান বিষয় নিউ স্টার্ট (নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) চুক্তি। গত ফেব্রুয়ারিতে চুক্তিটির মেয়াদ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলা ব্যবস্থার অবসান ঘটেছে।
এর আগে রাশিয়া চুক্তিটির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। পরিবর্তে চীনকে অন্তর্ভুক্ত করে একটি ‘নতুন, উন্নত ও আধুনিকায়িত’ চুক্তি করার দাবি জানান তিনি।
তবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কোনো চুক্তিতে যোগ দিতে চীন দীর্ঘদিন ধরেই অনাগ্রহ প্রকাশ করে আসছে। এর প্রধান কারণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। বেইজিংয়ের আশঙ্কা, বর্তমান অবস্থায় নিজেদের অস্ত্রের সংখ্যা ও সক্ষমতা সীমিত করতে রাজি হলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের তুলনায় তারা স্থায়ীভাবে পিছিয়ে পড়তে পারে।
এ বিষয়ে আশাবাদও খুব বেশি নয়। ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না।’ তাঁর ভাষায়, এ বৈঠককে আলোচনার সূচনা হিসেবেই দেখা হচ্ছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার হাতে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে চীন। বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, চীনের তুলনামূলক ছোট পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল অস্ত্রভান্ডার কমাতে হবে।
অন্যদিকে, রাশিয়া জানিয়েছে, নতুন কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলে তাতে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভান্ডারও বিবেচনায় নিতে হবে।
এদিকে, এপেক সম্মেলন ঘিরে শেনজেনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা চলছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের নৈশভোজে বক্তব্য দেন শি জিনপিং। তিনি বলেন, সম্মেলনের আলোচনায় পারস্পরিক উন্মুক্ততা, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি এবং ফলাফলভিত্তিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
বৃহস্পতিবার দিনের পরবর্তী সময়ে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। চলতি বছরে এটি হবে তাঁদের তৃতীয় দ্বিপক্ষীয় বৈঠক। গতকাল শেনজেনে পৌঁছানোর পর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান শি জিনপিং। বিমানবন্দরে নিজেই উপস্থিত হয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তিনি। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে এভাবে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানাননি শি।
চীনা প্রেসিডেন্ট বলেন, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গেলে ট্রাম্প তাঁকে যেভাবে স্বাগত জানিয়েছিলেন, তারই প্রতিদান হিসেবে তিনি এ অভ্যর্থনা জানিয়েছেন। দুই নেতার এই সৌজন্য বিনিময় তাঁদের বৈঠকের আগে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। তবে আলোচনায় বাণিজ্য শুল্ক এবং চীনা কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের মতো কঠিন বিষয়গুলোও উঠতে পারে।
এর আগে বুধবার রাতে নৈশভোজের ফটোসেশন পর্বে শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ান আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ও পুতিনকে অভ্যর্থনা জানান। এ সময় তিন নেতাকে করমর্দন, পরস্পরের পিঠ চাপড়ে দেওয়া এবং কুশল বিনিময় করতে দেখা যায়।
অন্যদিকে, এপেক সম্মেলনে যোগ দিয়ে শি জিনপিং সদস্য অর্থনীতিগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে দুই কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘গবেষণা, মতবিনিময় এবং বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদানের জন্য আমরা শেনজ়েনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় কমিউনিটি স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করব।’
এ ছাড়া ডিজিটাল প্রযুক্তি, আন্তসীমান্ত তথ্যপ্রবাহ, পরিচ্ছন্ন জ্বালানি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা সংস্থা গড়ে তোলার কথা জানিয়েছে চীন।
এপেক বৈঠকে যোগ দিতে শেনজেনে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। বৃহস্পতিবারের ত্রিপক্ষীয় বৈঠকে তিনি কিছু সময়ের জন্য উপস্থিত হতে পারেন বলে জল্পনা রয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সব মিলিয়ে বাণিজ্য, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক সংঘাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তিন পরাশক্তির নেতাদের এই বৈঠকের দিকে নজর রাখছে বিশ্ব।