১৮ নভেম্বর ২০২৬, ১৭:১১

প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত্রোপচার

চক্ষুবিজ্ঞান হাসপাতালে গত সোমবার শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়  © সংগৃহীত

জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছে তিন বছর বয়সী শিশু আবু বক্কর। শিশুটির চিকিৎসায় সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি আবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমানের। বিষয়টি জানার পর আবু বক্করের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার উদ্যোগ নেন। প্রথমে বগুড়ায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে রাজধানী ঢাকায় আনার ব্যবস্থা করা হয়।

এর ধারাবাহিকতায় গত সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশুটির চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর আজ বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে আবু বক্করের চিকিৎসার খোঁজ-খবর নেয়।

‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে এবং ডা. এম আর হাসানের সমন্বয়ে প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আবু বক্করের পরিবারের সঙ্গেও কথা বলেন। তারা শিশুটির চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীর, শিশু চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস এম মাহবুব মুন্না, ভিট্রিও-রেটিনা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, ডা. মো. মাহফুজুল আলম, চক্ষু বিভাগের আবাসিক সার্জন ডা. আবু মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা, ডা. মো. হাবিবুর রহমান, ডা. ইসমাইল হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, ডা. আদনান এবং ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটনসহ অন্যরা উপস্থিত ছিলেন।