১৭ নভেম্বর ২০২৬, ১৬:৫২

অনিবন্ধিত কোনো অনলাইন নিউজ পোর্টাল কাজ করতে পারবে না: তথ্য উপদেষ্টা

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান  © সংগৃহীত

ঢাকা ও ঢাকার বাইরের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ সময় তিনি অনলাইন নিউজ পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার সমালোচনাও করেছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও কাউকে সামাজিকভাবে হেয় করার মতো সংবাদ প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান একজন সাংবাদিক।

জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এখন একটা অনলাইন নিউজ পোর্টাল খুলে ফেলা হয় এবং অন্যান্য বহু জায়গা থেকে কপি করা হয়। জার্নালিজমে এটি করা উচিত না।

‘‘আমরা এইটুকু নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না। আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকবো, ঢুকছি। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্রচুর এরকম প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এভাবে চলতে পারে না।’’

আরও পড়ুন: নিবন্ধন অনুমতি পেল দ্য ডেইলি ক্যাম্পাস

অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। কিন্তু বিভিন্ন পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই শেষ না হওয়ায় তাদের নিবন্ধন প্রক্রিয়া আটকে রয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, অনিবন্ধিততের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন, তার কিছু প্রসিডিউরাল ডিলে হচ্ছে সম্ভবত, আমি এটা নিয়ে আমরা রিসেন্টলি কথা বলেছি, সুতরাং আমি আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তাদের খুব বেশি দেরি হবে না, আশা করি নিবন্ধন পেয়ে যাবেন।