১৭ নভেম্বর ২০২৬, ১৬:২৬

১৪ নভেম্বর পদত্যাগ করেছেন, ড. ওসমান ফারুকের আসন শূন্য ১৫ নভেম্বর

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদে  © টিডিসি সম্পাদিত

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

গত ১৪ নভেম্বর তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সংসদের অধিবেশনের শুরুতেই তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, বিধি অনুযায়ী, এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদে বলেন, গত ১৪ নভেম্বর ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পরদিন ১৫ নভেম্বর আমি সেটি পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার যখন পদত্যাগপত্র পান, তখন থেকে ওই সংসদ সদস্যের আসন শূন্য হবে। এ অবস্থায় এ আসনটি শূন্য হয়েছে ১৫ নভেম্বর থেকে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।