গণতান্ত্রিক সরকারের নীতির কারণে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ
গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আনন্দের সাথে অবহিত করছি, ডিএফসি’র অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা লাভ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
এই অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসি’র অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসা অনেক সহজতর হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং ডিজিটাল রূপান্তরসহ বহুমাত্রিক খাতে এই বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি পাবে।