শেখ হাসিনার বিচার তাঁর বাবার তৈরি করা আইনেই হবে— যার শাস্তি মৃত্যুদণ্ড
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদুর রহমান বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইনেই হবে, যা তাঁর বাবার তৈরি করা এবং অন্তর্বর্তী সরকারের সময়ে তা আরও স্বচ্ছ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের আইনে এই অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড রয়েছে এবং আপিলের সুযোগও সীমিত করা হয়েছে। সরকার সেই আইন অনুসরণ করেই তাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায়
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, অর্থনৈতিক সূচক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পররাষ্ট্রনীতি এবং গণমাধ্যম সংক্রান্ত নানাবিধ প্রশ্নের বিস্তারিত জবাব দেন তিনি।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লিখিত 'ভারতের শর্ত' প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রতিক্রিয়া দেখাবে না, ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে সরকার তা বিবেচনা করবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছে এবং কোনো অন্যায় চাপ বা শর্ত মেনে নেবে না।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার—আইনি প্রক্রিয়ায় এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমেই তাকে ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে দেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নামে যেকোনো মিছিল, সভা বা সমাবেশ এই মুহূর্তে বেআইনি। গোপালগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো নৃশংসতা সরকার কোনোভাবেই সহ্য করবে না।
সেখানে যৌথ বাহিনী মোতায়েন রয়েছে এবং অস্ত্র হাতে যাদের ছবি দেখা গেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে পলাতক নেতাদের উসকানিতে দেশে থাকা 'নন-পলাতক' নেতাকর্মীরা ফৌজদারি অপরাধে জড়িয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন বলে তিনি সতর্ক করেন।