১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬

দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী  © সংগৃহীত

দক্ষতাকে দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রশিক্ষণ নেওয়াই শেষ কথা নয়, বরং এটি কেবল শুরু। প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মুসলিম এইড ইউকে আয়োজিত প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি ও টিভিইটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, আমাদের পরবর্তী অগ্রাধিকার হওয়া উচিত প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করা। এ জন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগদাতা এবং বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশেষ করে দেশের তরুণরা যাতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, নিজস্ব ব্যবসা গড়ে তুলতে পারে, দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী। তিনি পুরো কর্মসূচির সারসংক্ষেপ তুলে ধরেন।

মুহসিন সিদ্দিকী জানান, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের বাস্তবায়নে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ কর্মসূচির আওতায় ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প পরিচালিত হয়। কিং আবদুল্লাহ হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ হাজার ৩৯১ জনকে ভর্তি করা হয়।

তাঁদের মধ্যে ১৯ হাজার ১২৮ জন টেইলারিং, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন, অটোমেকানিকস, ড্রাইভিং, মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিংসহ নয়টি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের উপবৃত্তি, ক্যারিয়ার কাউন্সেলিং, নমনীয় শিক্ষা সহায়তা এবং স্বকর্মসংস্থানের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর চ্যারিটি ওয়ার্কসের প্রোগ্রাম কোঅর্ডিনেশন অফিস ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট স্পেশালিস্ট মনজুর মুরশিদ বলেন, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম করোনার কারণে এক বছর পরিচালনা করা সম্ভব হয়নি। তারপরও সফলভাবে প্রকল্পটি শেষ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ হাতে-কলমে শিক্ষা দেওয়া। বাংলাদেশ ছোট একটা দেশ, সেইসঙ্গে অধিক জনসংখ্যা। কারিগরি এসব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জনসম্পদকে মানবসম্পদে রূপান্তর করতে হবে। তবেই বড় সম্পদে পরিণত হবে বাংলাদেশ।’

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী দক্ষতা উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। কর্মক্ষেত্রেও অনেক পরিবর্তন আসছে। প্রযুক্তিনির্ভর ভাষার প্রতি গুরুত্ব দিতে কাজ করছে সরকার। বিভিন্ন দেশের ভাষা নিয়েও কাজ করা হচ্ছে। অনেক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। স্কিল ট্রেনিংয়ের সঙ্গে তৃতীয় ভাষা যুক্ত করতে পারলে প্রশিক্ষণার্থীদের সুযোগ আরও বাড়বে।

তিনি আরও বলেন, শ্রমবাজারের জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের সফলতা কতজন গ্রহণ করেছেন, তা না দেখে তাঁরা কতটা শিখেছেন, সেটিই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা গ্র্যাজুয়েটরা প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জীবন বদলে যাওয়ার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য দেন মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী, মুসলিম এইড ইউকের সিইও রাজিব হাসান, মুসলিম এইড ইউকের ট্রাস্টি সৈয়দ তোহেল আহমেদ প্রমুখ।