১৬ নভেম্বর ২০২৬, ২৩:০০

দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে— মনিরুল হক

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী  © সংগৃহীত

‘গুমতি আমাদের ইতিহাস, গুমতি আমাদের ঐতিহ্য, গুমতি আমাদের দুঃখ। দুঃখের কথা বললে তাহাজ্জুদ পর্যন্ত বলা যাবে’—সংসদে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। গুমতি নদীর ভাঙন, নদী ভরাট, ইপিজেডের বর্জ্যদূষণ এবং কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিবেশ বিপর্যয় নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় মনিরুল হক চৌধুরী বলেন, গুমতি নদীর দুই পাড়ের চর থেকে মাটি কেটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নেওয়ার সময় বাঁধের ক্ষতি করা হয়। এতে গুমতি নদী ভেঙে যায় এবং স্থানীয় মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী। তবে এ উদ্যোগ বাস্তবায়নের সময় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘কয় হাজার বছর পরে? কোন সময়? কিয়ামতের আগে? স্বাধীনতার ৫০ বছরে গুমতির পাড় ঠিক হয়নি, লক্ষ লক্ষ মানুষ বাড়িছাড়া-ঘরছাড়া হয়েছে।’

তিনি বলেন, ‘গুমতি আমাদের ইতিহাস, গুমতি আমাদের ঐতিহ্য, গুমতি আমাদের দুঃখ। পাকিস্তানে বলতো কুমিল্লার দুঃখ হলো গুমতি, আর চীনের দুঃখ হলো হাংহো নদী। চীনের হাংহো নদীর সমাধান হয়েছে, কিন্তু গুমতির সমাধান হয় নাই।’

পানিসম্পদমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এ অঞ্চলের মানুষ ভেবেছিল তাদের এলাকার একজন মন্ত্রী হওয়ায় গুমতি নদীর সমস্যার সমাধান হবে। কিন্তু মন্ত্রীর দেওয়া জবাবকে দায়সারা বলে মনে হয়েছে তার কাছে। এ কারণে তিনি সংসদে নোটিশ দিয়েছেন এবং স্পিকার তা গ্রহণ করায় কৃতজ্ঞতা জানান।

দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী বন্যা সেচ প্রকল্পের প্রসঙ্গ তুলে মনিরুল হক চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে এ অঞ্চলের মানুষের জন্য প্রকল্পটি নেওয়া হয়েছিল। পানিসম্পদমন্ত্রী এনি তখন প্রথমবার মন্ত্রী হয়েছিলেন এবং এলাকার সমস্যাগুলো সম্পর্কে জানেন।

তিনি বলেন, ত্রিপুরার পাহাড় থেকে ১৩টি নদী দিয়ে বৃষ্টির পানি পরদিন কুমিল্লা অঞ্চলে আসে। কিন্তু ডাকাতিয়া থেকে মেঘনা পর্যন্ত নদীগুলো পলি জমে ভরাট হয়ে গেছে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ব্যক্তিগতভাবে এলাকা পরিদর্শন করে বেগম খালেদা জিয়াকে নিয়ে এ প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। এর ফলে ১৫ বছর কোনো সমস্যা হয়নি। তবে গত সরকারের আমলে নদীগুলো আবার ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

পরিবেশদূষণের বিষয়টি তুলে ধরে মনিরুল হক চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে তিনি কুমিল্লার পরিবেশ রক্ষায় কাজ করছেন। কুমিল্লার ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে গুমতি নদীর বাঁধ ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে বহুবার অভিযোগ জানানো হয়েছে এবং ইপিজেড বন্ধের নোটিশও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সুযোগ পেয়েছি বলার জন্য—আপনি ছাড়া এ দেশে আবারো বলি, কারো কাছে কথা বলে কোনো লাভ হয় না। আমাকে মাফ করবেন, কেউ ছোট মনে করবেন না।’

ইপিজেডের বর্জ্যদূষণ নিয়ে ১৩টি প্রতিবেদন তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয় ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি। ইপিজেডের বর্জ্য, গুমতির পানি এবং ডাকাতিয়া নদীর প্রকল্প বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এই বয়সে সতর্ক করে বলতে চাই, ইপিজেডের বর্জ্যের কারণে কুমিল্লা-নোয়াখালী অঞ্চল পর্যন্ত পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, ৫০০০ পরিবার ঘরছাড়া হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে ১ লক্ষ লোকের।’

তিনি আরও অভিযোগ করেন, ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক খালে ফেলা হচ্ছে এবং এ নিয়ে চাঁদার অর্থ রাজনীতিবিদ ও ক্ষমতাশালীদের মধ্যে বণ্টন করা হচ্ছে। তার দাবি, ওই অঞ্চলে মাছ ও অন্যান্য প্রাণী নেই, কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং দূষিত পানিতে নামলে মানুষের পা পচে যায়।

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব। আপনি একটা তদন্ত করে দেখেন। আই চ্যালেঞ্জ দ্য রিপোর্ট গিভেন বাই দ্য মিনিস্টার।’

তিনি বলেন, ইপিজেডের বর্জ্যদূষণের প্রভাব দক্ষিণ কুমিল্লা থেকে নোয়াখালী হয়ে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দুই বছর পর এ বিষ মেঘনায় পৌঁছালে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সমস্যা সমাধানে দক্ষিণ কুমিল্লা-উত্তর নোয়াখালী সেচ প্রকল্পে অবিলম্বে বরাদ্দ দিয়ে পানির প্রবাহ সচল রাখার দাবি জানান মনিরুল হক চৌধুরী। তার ভাষ্য, দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলে ওই অঞ্চলের মানুষ, মাছ ও প্রাণীকুল রক্ষা করা কঠিন হবে।

বক্তব্যের একপর্যায়ে উত্তেজিত হওয়ার জন্য ক্ষমা চেয়ে মনিরুল হক চৌধুরী বলেন, পানিসম্পদমন্ত্রী এনি সাহেবের কাছ থেকে আরও ভালো জবাব আশা করেছিলেন। কারণ, তিনিও এ অঞ্চলের ভুক্তভোগী। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।