১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৪

হোয়াটসঅ্যাপে ‘আপত্তিকর’ ভিডিও কল, জেলা প্রশাসকের থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) আলহাজ্ব সিরাজুল ইসলাম  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) আলহাজ্ব সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশালীন ভিডিও কল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মানহানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আশঙ্কার কথা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জেলা প্রশাসক বিষয়টি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, সোমবার বিকেল আনুমানিক ৩টা ৪৪ মিনিটে ‘N Hasan Hakib’ নামের একটি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থেকে তাকে ভিডিও কল করা হয়। কলটি রিসিভ করার পর অপর প্রান্তে এক ব্যক্তির আপত্তিকর ছবি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন তিনি।

জেলা প্রশাসকের অভিযোগ, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা করা, সামাজিকভাবে বিব্রত করা এবং তাঁর সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অশালীন কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলে তাঁর আশঙ্কা।

এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

পোস্টে জেলা প্রশাসক আরও বলেন, অপরিচিত নম্বর থেকে আসা এ ধরনের ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, অভিযোগপত্রে ঘটনার বিস্তারিত উল্লেখ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।